বাংলাদেশ চা-শ্রমিক নারী ফোরাম নামের একটি সংগঠন গতকাল রোববার আত্মপ্রকাশ করেছে।
এ উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলার শমশেরনগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গতকাল দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। দেশের চা-বাগানগুলোর অধিকারবঞ্চিত নারী শ্রমিকদের প্রাপ্য আদায়ে এ সংগঠন কাজ করবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপজেলার চা-বাগানের বিভিন্ন ভ্যালির (অঞ্চলের) দুই শতাধিক নারী চা-শ্রমিক এতে অংশ নেন। চা-বাগানের নারী শ্রমিকদের সার্বিক উন্নয়নে চা-শ্রমিক সন্তান গীতা রানী কানুকে ফোরামের আহ্বায়ক করা হয়। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে চা-বাগান সমৃদ্ধ প্রতিটি ভ্যালি ও চা-বাগানে ফোরামের আহ্বায়ক কমিটি করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন লছমী রানী রাজভর, মেরী রাল্ফ, মীরা রেলী, লংলা ভ্যালির হেমন্তী কালোয়ার, বালিশিরা ভ্যালির রীতা রানী দাস, লস্করপুর ভ্যালির স্বপ্না রানী দাস প্রমুখ।
লিখিত বক্তব্যে গীতা রানী কানু বলেন, নারী চা-শ্রমিকেরা বাগানগুলোতে নানা প্রতিকূলতার মধ্যে কাজ করেন। দেশের অর্থনৈতিক উন্নতিতে এই নারীরা বড় ভূমিকা রাখলেও তাঁদের ভাগ্যের কোনো উন্নতি হচ্ছে না। তাঁদের জীবনমান উন্নয়নে সরকারি ও বেসরকারি পর্যায়েও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। সংবাদ সম্মেলনে চা-বাগানের নারী শ্রমিকদের প্রতি সব বৈষম্য দূর করতে কাজ করার ঘোষণা দেয় সংগঠনটি।