চাকমা সার্কেলপ্রধান রাজা দেবাশীষ রায় বলেছেন, ‘অধিকার আদায়ে সচেতন হতে হবে। বৃদ্ধ, দুর্বল, প্রতিবন্ধী ও অপেক্ষাকৃত অনগ্রসর জনগোষ্ঠীর জন্য বাংলাদেশ সংবিধানে বিশেষ অধিকারের ব্যবস্থা রয়েছে। সেই অধিকার ও তার রক্ষাকবচগুলো সম্পর্কে সবার সচেতন হওয়া দরকার।’
গতকাল শুক্রবার রাঙামাটির জুরাছড়ি উপজেলায় আয়োজিত আইন সচেতনতাবিষয়ক সভায় প্রধান অতিথি রাজা দেবাশীষ রায় এসব কথা বলেন।
‘আইনের দৃষ্টিতে সকলেই সমান এবং সমানভাবে আশ্রয় লাভের অধিকার আছে’ প্রতিপাদ্য সামনে রেখে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) উদ্যোগে জুরাছড়ি উপজেলা মাঠে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান প্রবর্তক চাকমা।
সভায় ব্লাস্টের জেলা সমন্বয়কারী জুয়েল দেওয়ানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রাঙামাটি জেলার জ্যেষ্ঠ সহকারী জজ মো. জাহেদ হোসেন, সহকারী জজ মো. শামসুল হক, নারী অধিকারবিষয়ক সংগঠন হিমাওয়ান্তির চেয়ারপারসন টুকু তালুকদার, জুরাছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যানন চাকমা, আইনজীবী সুস্মিতা চাকমা ও রাজীব চাকমা।
রাঙামাটি জেলার প্রত্যন্ত এলাকার জনসাধারণকে আইনগত অধিকার বিষয়ে সচেতন করার লক্ষ্যে ব্লাস্টের কার্যক্রমের অংশ হিসেবে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় আইনগত সচেতনতাবিষয়ক বিভিন্ন প্রচারপত্র ও বই বিনা মূল্যে বিতরণ করা হয়।
আয়োজনে সহযোগিতা করে প্রথম আলো রাঙামাটি বন্ধুসভা ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সহযোগী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস)।