পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা জুম্ম (পাহাড়ি) স্বার্থবিরোধীদের প্রতিহত এবং অধিকার আদায়ের আন্দোলন বেগবান করতে ছাত্রসমাজের প্রতি আহ্বান জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাঙামাটি সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার ১৮তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা এই আহ্বান জানান।
সন্তু লারমা বলেন, জুম্মদের অস্তিত্ব বিলুপ্তির ষড়যন্ত্র হিসেবে চুক্তিবিরোধী কার্যক্রম অব্যাহত আছে। নিজেদের অস্তিত্ব রক্ষায় ছাত্রসমাজকে অধিকতর আন্দোলনমুখী হতে হবে। তিনি বলেন, ১৯৬০ সালে কাপ্তাই বাঁধ নির্মাণ, স্বাধীনতা-পরবর্তী পাহাড়িদের বাঙালি হিসেবে আখ্যায়িত করা এবং ১৯৮৯ সালে লংগদু গণহত্যার বিরুদ্ধে পাহাড়ি ছাত্রসমাজ ঐক্যবদ্ধ হয়েছে। আন্দোলন গড়ে তুলেছে।
বিশেষ অতিথির বক্তব্যে জনসংহতি সমিতির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা বলেন, চুক্তি বাস্তবায়নের দাবিতে এখন যে অসহযোগ আন্দোলন চলছে, তা আরও বেগবান করতে হবে।
পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সভাপতি জড়িতা চাকমা বলেন, আন্দোলন-সংগ্রামে ছাত্রসমাজের পাশাপাশি ছাত্রী তথা নারীদেরও অংশগ্রহণ বাড়াতে হবে।
পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সভাপতি অন্তিক চাকমার সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক পলাশ তঞ্চঙ্গ্যা, ছাত্র ও যুববিষয়ক সম্পাদক ত্রিজিনাদ চাকমা, যুব সমিতির রাঙামাটি জেলা শাখার সভাপতি টোয়েন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জুয়েল চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি সরকারি কলেজ শাখার সভাপতি আশিকা চাকমা।