অধিকার কার্যালয়ে পুলিশের তল্লাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানে মানবাধিকার সংগঠন অধিকারের কার্যালয়ে আজ রোববার সন্ধ্যা থেকে তল্লাশি শুরু করেছে পুলিশ।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার শেখ নাজমুল আলম জানান, আদালত থেকে তল্লাশি পরোয়ানা নেওয়ার পর অধিকার কার্যালয়ে পুলিশ তল্লাশি শুরু করেছে।

গতকাল শনিবার রাত ১০টার দিকে মানবাধিকার সংগঠন অধিকারের  সেক্রেটারি আদিলুর রহমানকে তাঁর গুলশানের বাসভবন থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ রোববার দুপুরে তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। ঢাকার মহানগর হাকিম অমিত কুমার দে এই আদেশ দেন।

পুলিশ বলেছে, তথ্যপ্রযুক্তি আইন-২০০৬-এর ৫৭-এর ১ ও ২ ধারায় অপরাধ করায় আদিলুরকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারা অনুযায়ী অভিযোগ আনা হয়েছে। ৫৭ ধারা অনুযায়ী ইলেকট্রনিক ফরমে মিথ্যা, অশ্লীল অথবা মানহানিকর তথ্য প্রকাশ দণ্ডনীয় অপরাধ।

গত ১০ জুন মানবাধিকার সংস্থা অধিকার একটি তথ্যানুসন্ধান প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে সংস্থাটি দাবি করে, ৫ ও ৬ মে শাপলা চত্বরে অভিযানের ঘটনায় শত শত হেফাজতকর্মী নিহত হয়েছেন। প্রতিবেদনে প্রাথমিকভাবে তারা ৬১ জনের প্রাণহানির খবর জানায়।

এরপর ১০ জুলাই তথ্য মন্ত্রণালয় অধিকারের তথ্যানুসন্ধান প্রতিবেদনটি চেয়ে পাঠায়। সরকার নিহত ৬১ জনের নাম, তাঁদের বাবা-মায়ের নাম ও ঠিকানা চেয়ে পাঠায়। একই সঙ্গে সরকারের তরফ থেকে পাঠানো চিঠিতে বলা হয়, ‘শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে নিহতের সংখ্যা নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তা আরও গভীরভাবে অনুসন্ধান করে নিহতের প্রকৃত সংখ্যা ও ঘটনা জনগণের সামনে প্রকাশে সরকার আন্তরিক। ৬ ও ৭ মে দৈনিক ‘নয়া দিগন্ত’, ‘সংগ্রাম’, ‘ইনকিলাব’সহ অন্যান্য জাতীয় দৈনিকে প্রকাশিত বিভিন্ন রিপোর্ট তন্ন তন্ন করে খুঁজেও ১৬ জনের বেশি নিহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।’