অধিকার কার্যালয়ে মজীনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্যান ডব্লিউ মজীনা
ড্যান ডব্লিউ মজীনা

মানবাধিকার সংস্থা অধিকারের কার্যালয় পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। আজ বেলা তিনটার দিকে মার্কিন রাষ্ট্রদূত অধিকারের গুলশান কার্যালয়ে পৌঁছান। এ সময় তাঁর সঙ্গে সুইডেন, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস ও কানাডার দূতাবাসের কর্মকর্তারা এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা ছিলেন।

অধিকারের জ্যেষ্ঠ গবেষণা কর্মকর্তা তাসকীন ফাহমিনা প্রথম আলো ডটকমকে জানান, মার্কিন রাষ্ট্রদূত তাঁদের কাছে আদিলুর রহমান খান ও অধিকারের সার্বিক অবস্থা সম্পর্কে জানতে চান। কেন ও কীভাবে আদিলুর আটক হলেন, সে সম্পর্কেও তাঁরা জানতে চেয়েছেন।

অধিকারের কর্মকর্তাদের সঙ্গে তাঁরা ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন। তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও দেখা করতে পারেন বলে জানিয়েছে একটি সূত্র।

আদিলুর রহমান খান গ্রেপ্তারের পর মার্কিন দূতাবাস উদ্বেগ প্রকাশ করেছিল। এ ছাড়া ঢাকায় ব্রিটেনের রাষ্ট্রদূত রবার্ট গিবসন এক টুইট বার্তায় তাঁর উদ্বেগের কথা প্রকাশ করেছেন বলে যুক্তরাজ্যের পত্রিকা ‘গার্ডিয়ান’ প্রতিবেদন প্রকাশ করে।

আদিলুর রহমান খানকে গোয়েন্দা পুলিশের একটি দল ১০ আগস্ট তাঁর বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করে। গতকাল মঙ্গলবার আদিলুরকে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আদিলুরকে গ্রেপ্তারের এক দিন পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আদিলুর তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারা ভঙ্গ করেছেন। তাঁর গ্রেপ্তার আইনসংগত।

গত ৫ ও ৬ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্পরতায় ৬১ জন মারা গেছে বলে দাবি করেছে অধিকার। সরকার সে তালিকা চাইলে অধিকার তা দিতে অস্বীকৃতি জানায়।

উল্লেখ্য, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে আদিলুর রহমান খান ডেপুটি অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন।