অধিকার নিশ্চিত করতে প্রয়োজন মানসিকতার পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব মানুষের জন্য সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করতে হলে প্রথমেই মানসিকতার পরিবর্তনের প্রয়োজন। অন্যের অধিকারকে অনুভব করতে হবে। তাহলেই অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। কর্তব্যবোধের বিষয়টি ভুলে গেলে চলবে না। এগুলোও পালন করতে হবে।গতকাল শনিবার সন্ধ্যায় জাতীয় শিল্পকলা একাডেমীর নাট্যশালা মিলনায়তনে নাগরিক অধিকার মেলার সমাপনী অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। ‘চাই অধিকার, হব দায়িত্ব সচেতন’ স্লোগান নিয়ে গত শুক্রবার এই মেলা শুরু হয়েছিল। মানবাধিকার ও উন্নয়ন নিয়ে কাজ করছে, এমন ৫৭টি বেসরকারি সংস্থা এতে অংশ নেয়। মেলার সমাপনী অনুষ্ঠানের বিষয়বস্তু ছিল, ‘সমান নাগরিকতার প্রতিশ্রুতি বাস্তবায়ন’। আলোচনায় বক্তারা নারী, শ্রমজীবী, অধিকারবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের অধিকার আদায়ে সবাইকে সংগঠিত হওয়ার তাগিদ দেন। তাঁরা বলেছেন, দেশের সব মানুষ এখনো তাদের অধিকার সম্পর্কে সচেতন নয়। কীভাবে তাদের অধিকারগুলো অর্জিত হবে—সে বিষয়ে সুস্পষ্ট ধারণাও নেই তাদের। আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আমরা অনেকেই অধিকার নিয়ে আন্দোলন করি, কিন্তু নিজের জীবনে তা চর্চা করি না।’ পরিবর্তনটা নিজেদেরই শুরু করার তাগিদ দিয়ে বলেন, ‘এখানে যাঁরা আছেন, অনেকেরই সন্তান আছে। আপনি আপনার সব সন্তানকে সমান অধিকার দিয়ে দিন। আমার দাদা ১৯৪৮ সালে তাঁর সব সন্তানকে সম্পত্তির সমান অধিকার দিয়েছিলেন।’ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ডে গরিবের অংশগ্রহণ বাড়াতে হবে। কৃষক, দরিদ্র মানুষের জন্য মোবাইল ব্যাংকিং সুবিধা নিশ্চিত করতে হবে। এটা করতে পারলে মধ্যস্বত্বভোগীদের বঞ্চনা থেকে তাদের রক্ষা করা সম্ভব। এর মাধ্যমে মুহূর্তেই তাদের ভর্তুকি, বৃত্তি ও ক্ষুদ্রঋণের টাকা পৌঁছে দেওয়া যাবে। সেন্টার ফর ম্যাস এডুকেশন অ্যান্ড সায়েন্সের চেয়ারম্যান অধ্যাপক মো. ইব্রাহিম বলেন, নিজের পায়ে দাঁড়ানো খুব গুরুত্বপূর্ণ। আবার একা একা কিছু করা যাবে না। নিজেদের মধ্যে নেটওয়ার্ক গড়ে তুলতে হবে। ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহাবুব হোসেন ভূমি সংস্কার করতে সরকারের প্রতি দাবি জানান। তিনি বলেন, সরকারের হাতে প্রচুর খাসজমি আছে। যাদের কোনো জমি নেই, তাদের জমি বন্দোবস্ত দেওয়া প্রয়োজন, যাতে করে তারা অন্তত মাথা গোঁজার ঠাঁই পায়। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, শুধু অধিকারের কথা না বলে দায়িত্বের আলোচনাকেও সামনে নিয়ে আসতে হবে। শুধু রাষ্ট্র সব করবে—তা নয়, নাগরিকও বহু কিছু করতে পারে। পৃথিবীজুড়েই রাষ্ট্র এভাবে এগিয়েছে।নারীপক্ষের শিরীন হক প্রশ্ন তুলে বলেন, বাংলাদেশে অনেক ক্ষুদ্র জাতিসত্তা বাস করে, তাদের সমান নাগরিকত্ব কি দেওয়া হয়েছে। নারীকেও একটি অসাম্য অবস্থানে রাখা হয়েছে।প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, অধিকার প্রতিষ্ঠায় সংগঠন, রাজনৈতিক দল ও অন্য প্রতিষ্ঠানের গুরুত্ব আছে। তবে ব্যক্তি উদ্যোগও অসাধ্য সাধন করতে পারে। একজন সাধারণ নারী, কৃষক, এসিডদগ্ধদের অনেকেই ব্যক্তিগতভাবে অসাধ্য সাধন করেছেন। প্রথম আলো প্রতি শনিবার তাদের কথা ছেপে আসছে। এগুলো আমাদের উত্সাহ জোগায়, সম্ভাবনার পথ দেখায়। নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির সবাইকে ধন্যবাদ দিয়ে সার্বিক আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন। তিনি বলেন, অধিকার আদায় খুব সহজে হয় না। এই আন্দোলনে ঝুঁকি আছে। তার পরও বিষয়টি নিয়ে যেন একটি আলোচনা হয়, সচেতনতা বাড়ে, সে জন্যই এই মেলার আয়োজন করা হয়েছে।