অধিকার পরিচালক নাসির কারাগারে
অধিকার-এর পরিচালক এ এস এম নাসির উদ্দিনের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বুধবার ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন নাসির উদ্দিন। বিচারক এ কে এম শামসুল ইসলাম তা নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ৫ মে মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়ে অসত্য ও তথ্য বিকৃতির অভিযোগে ১০ আগস্ট অধিকারের সাধারণ সম্পাদক আদিলুর রহমানকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ৪ সেপ্টেম্বর আদিলুর ও নাসির উদ্দিনের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ আইনে প্রতিবেদন (প্রসিকিউশন) দেওয়া হয়। তাতে নাসির উদ্দিনকে পলাতক দেখানো হয়। ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে নাসির উদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
প্রতিবেদনে বলা হয়, অধিকার ৬১ জনের মৃত্যুর ‘বানোয়াট, উদ্দেশ্য-প্রণোদিত ও মিথ্যা’ তথ্যসংবলিত প্রতিবেদন তৈরি ও প্রচার করে জনমনে ক্ষোভ সৃষ্টি করে, আইনশৃঙ্খলা বিঘ্নের অপচেষ্টা চালায় এবং আইনশৃঙ্খলা বাহিনী, সরকার ও রাষ্ট্রের ভাবমূর্তি দেশে-বিদেশে চরমভাবে ক্ষুণ্ন করে। তদন্তকালে ওই সব ব্যক্তির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। আসামিরা উদ্দেশ্যমূলকভাবে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা চালায়।