অধিকার পেলে মিয়ানমারে ফিরে যাবে রোহিঙ্গারা

কফি আনান কমিশনের তিন সদস্যের প্রতিনিধি দল আজ সোমবার কক্সবাজারের উখিয়ার দুটি রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন। এ সময় কমিশনের সদস্যদের রোহিঙ্গারা বলে, মৌলিক অধিকার নিশ্চিত হলে তারা মিয়ানমারে ফিরে যেতে রাজি।
সফরের দ্বিতীয় দিন আজ সকাল সাড়ে নয়টার দিকে প্রতিনিধি দলের সদস্যরা কুতুপালং রোহিঙ্গা শরণার্থীশিবিরে যান। এরপর তাঁরা পার্শ্ববর্তী পাহাড়ে স্থাপিত কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা শিবিরও পরিদর্শন করেন। সেখানে দুই ঘণ্টা অবস্থানকালে প্রতিনিধি দলের সদস্যরা ১১ জন রোহিঙ্গার সঙ্গে কথা বলেন। পরিদর্শনের সময় রোহিঙ্গারা নানা দাবি সংবলিত প্ল্যাকার্ড-পোস্টার দেখিয়ে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর অত্যাচার-নির্যাতন বন্ধের দাবি জানায়। এই দুটি শিবিরে অবস্থান করছে অন্তত দেড় লাখ রোহিঙ্গা। এর মধ্যে অন্তত ৪০ হাজার রোহিঙ্গা সদ্য অনুপ্রবেশকারী।
প্রতিনিধি দলের তিন সদস্য হলেন মিয়ানমারের নাগরিক উইন ম্রা ও আই লুইন এবং লেবাননের নাগরিক ঘাশান সালামে। তাদের সঙ্গে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়রে যুগ্ম সচিব বাকী বিল্লাহ, জেলা প্রশাসনের প্রতিনিধি, শরণার্থী-বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ইউএনএইচসিআর ও আইএমও-এর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ব্যক্তিরা।
কুতুপালং নিবন্ধিত শরণার্থীশিবিরে রোহিঙ্গাদের সঙ্গে একান্তে বৈঠক করেন আনান কমিশন। এ সময় কমিশনের কাছে রাখাইন রাজ্যে নির্যাতনের চিত্র তুলে ধরেন কুতুপালং রোহিঙ্গা শরণার্থীশিবির ব্যবস্থাপনা কমিটির সভাপতি মৌলভী আলি আহমদ, ব্লক পরিচালনা কমিটির সভাপতি জাফর আলম, নুরুল হক ও মো. ইউনুছ। এ সময় রোহিঙ্গারা গত বছরের অক্টোবর মাস থেকে এ পর্যন্ত রাখাইন রাজ্যে সেনা নেতৃত্বাধীন যৌথ বাহিনী অত্যাচার ও নির্যাতনের চিত্র তুলে ধরে একটি চিঠি আনান কমিশনের প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করে।
ওই চিঠিতে এলাকা, স্থান ও সময় উল্লেখ করে বলা হয়, ‘অপারেশন ক্লিজিং’ নামে রাখাইন রাজ্যে এ পর্যন্ত অন্তত ৫০টি মসজিদ, ৫৪টি ধর্মীয় স্কুল ও তিন হাজার ৩২৯টি ঘরবাড়ি, ১৯৬টি দোকানে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে ধ্বংস করা হয়। এ ছাড়া ৭৯৮ জন নারী ও কিশোরীকে ধর্ষণ, ৪৬৯ জনকে গুলি করে হত্যা, ১০৮ জনকে নির্যাতন চালিয়ে খুন, ৭৮ জনকে নৌকা ডুবিয়ে হত্যা এবং ৯২০ জনকে গ্রেপ্তার করে নির্যাতন চালানো হয়।
এর সত্যতা নিশ্চিত করে কুতুপালং রোহিঙ্গা শিবির পরিচালনা কমিটির সভাপতি আবু ছিদ্দিক বলেন, এ সময় প্রতিনিধি দলের সদস্যরা রোহিঙ্গা মুসলিমদের মিয়ানমার ফিরে যাবে কি না জানতে চান। উত্তরে রোহিঙ্গারা বলে, আরাকানের (রাখাইন রাজ্য) স্বাভাবিক পরিস্থিতি ফিরলে ও ন্যূনতম মৌলিক অধিকারগুলো পেলে রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে রাজি। এরপর কমিশনের সদস্যরা জানতে চান, বাংলাদেশে তারা কেমন আছে? জবাবে রোহিঙ্গারা বলে, নানা সমস্যা ও সীমাবদ্ধতার মধ্যেও বাংলাদেশ সরকার ও স্থানীয় জনগণ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। কিন্তু শিবিরে খাদ্যদ্রব্যের মারাত্মক সংকট চলছে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা দরকার।
কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা শিবির পরিদর্শনের সময়ও আনান কমিশনের সদস্যদের কাছে সহায় সম্বলহীন অবস্থায় পালিয়ে আসা রোহিঙ্গারা রাখাইন রাজ্যে সেনা ও পুলিশের দমন-পীড়ন ও নির্যাতনের ঘটনা তুলে ধরেন। রাখাইন রাজ্যের গজরবিলের মো. রফিক (৪০) বলেন, গত ডিসেম্বর মাসের শেষ দিকে সেনা ও পুলিশ সদস্যরা তাঁদের গ্রামটি ঘিরে গুলিবর্ষণ শুরু করে। ঘরবাড়িতে লুটপাট ও আগুন ধরিয়ে দেওয়া দেয়। হাতিয়ারপাড়ার নুরুল আলম (৩৫) বলেন, সেনারা তাঁর দুই ভাইকে ধরে নিয়ে হত্যা করেছে। বাড়িতে অগ্নিসংযোগ করে। প্রাণ বাঁচাতে তাঁরা উখিয়া পালিয়ে আসেন। নাইছাপ্রু গ্রামের ৩৫ বছর বয়সী এক গৃহবধূ বলেন, রাখাইন রাজ্যে সেনারা তাঁর হাত-পা বেঁধে পুকুর পাড়ে ধর্ষণ করে। নিকট আত্মীয়রা উদ্ধার করে তাঁকে উখিয়ায় নিয়ে আসেন।

কুতুপালং শিবিরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আনান কমিশনের প্রতিনিধি দলের প্রধান ঘাশান সালামে বলেন, শিবির পরিদর্শনের সময় রোহিঙ্গারা তাঁদের কাছে রাখাইন রাজ্যের ঘটনা তুলে ধরেছেন। আহত কয়েকজন রোহিঙ্গার সঙ্গেও তাঁদের কথা হয়েছে। এর আগে তাঁরা রাখাইন রাজ্যও সফর করেছেন জানিয়ে তিনি বলেন, দুই পাড়ের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে এক বছরের মধ্যে তদন্ত প্রতিবেদন তুলে ধরা হবে। সেখানে নানা সুপারিশও থাকবে।
বেলা দুইটার দিকে কমিশনের সদস্যরা কক্সবাজার শহরে পৌঁছে জেলা প্রশাসনের সঙ্গে দেড় ঘণ্টা রুদ্ধদার বৈঠক করেন। জেলা প্রশাসক মো. আলী হোসেনের কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কাজি আবদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) চাইলা মং মারমা, কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর শাহরিয়ার প্রমুখ। বিকেল চারটার দিকে কমিশনের সদস্যরা ঢাকার উদ্দেশে রওনা হন।
পরে বৈঠক শেষে জেলা প্রশাসক মো. আলী হোসেন প্রথম আলোকে বলেন, দুই দিন ধরে কফি আনান কমিশনের সদস্যরা টেকনাফ ও উখিয়ার একাধিক রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন। এরপর তাঁরা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে কমিশনের সদস্যরা অভিযোগ করেন, বাংলাদেশ থেকে লোকজন গিয়ে রাখাইন রাজ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। বাংলাদেশ সীমান্তে সুরক্ষা না থাকায় রোহিঙ্গারা পালিয়ে আসার সুযোগ পাচ্ছে। জবাবে বলা হয়, বাংলাদেশ থেকে রাখাইন রাজ্যে হামলার অভিযোগ একেবারেই মিথ্যা। বাংলাদেশ সীমান্তে বিজিবির কঠোর নিরাপত্তা আছে। তবে মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছে।
মিয়ানমারের রাখাইন রাজ্যের জনগণের কল্যাণে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে সুপারিশ তৈরির জন্য মিয়ানমারের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চি গত বছর জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানকে প্রধান করে একটি পরামর্শক কমিটি গঠন করেন। কফি আনান ফাউন্ডেশনের সহযোগিতায় মিয়ানমারের ছয় নাগরিক ও তিন বিদেশি বিশেষজ্ঞকে নিয়ে গঠিত এ কমিশন। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের ৯ অক্টোবরের পর থেকে রাখাইন রাজ্য থেকে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জাতিগোষ্ঠীর অন্তত ৬৬ হাজারের বেশি বাংলাদেশে আশ্রয় নিয়েছে।