অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশে সাম্প্রদায়িকতার বীজ এখনো অনেক গভীরে প্রোথিত। দেশ থেকে হিন্দু জনসংখ্যা কমে যাওয়া একটি বিশেষ পরিবর্তনের ইঙ্গিতবহ। কিন্তু অধিকার ছেড়ে চলে যাওয়ায় কোনো সমাধান নেই। বরং অধিকার প্রতিষ্ঠায় আরও সোচ্চার হতে হবে।
গতকাল শুক্রবার সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দির ও মেলাঙ্গনে ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটি আয়োজিত ‘মহানগর পরিবার দিবস ২০১৫’ শীর্ষক অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকার সম্পূর্ণ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। সংখ্যালঘুদের ব্যাপারে তাঁরা সচেতন আছেন। সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠায় একটি পরিপূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থার বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেমনি একটি ব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করছেন। এই কাজে সবার সহযোগিতা চান অর্থমন্ত্রী।
অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বৈষম্য থাকলে সমস্যা মিটবে না। তাই সংখ্যালঘুদের জন্য রাজনৈতিক ক্ষমতায়ন, অর্থনৈতিক সাম্য ও সামাজিক সমতা নিশ্চিত করতে হবে। সব ক্ষেত্রে সমান সুযোগ দিলে সংখ্যালঘুদের সমস্যা থাকবে না।
বিশেষ অতিথির বক্তৃতায় ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার সন্দীপ চক্রবর্তী বলেন, অধিকার প্রতিষ্ঠার জন্য সরকারের কাছে দাবি জানানোর পাশাপাশি সংখ্যালঘুদের নিজেদেরও উদ্যোগী হতে হবে। নিজেরা সচেষ্ট না হলে অনেক আইনি অধিকারও ভোগ করা কঠিন হয়।
মহানগর পূজা কমিটির সভাপতি জে এল ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে সাংসদ হাজি মোহাম্মদ সেলিম, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে কাজল দেবনাথ ও জয়ন্ত দেব, মহানগর পূজা কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ সাহা প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে আশীর্বাদক হিসেবে সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) সি আর দত্তের নাম উল্লিখিত ছিল।
পরিবার দিবসে তিন গুণীজনকে সম্মাননা জানানো হয়। তাঁরা হলেন অধ্যাপক অজয় রায়, শ্রী শোভনেন্দু বিকাশ সাহা ও কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের শ্রীমতী সাহা।
অনুষ্ঠানে গীতা পাঠ, উলুধ্বনি, শঙ্খ বাদন, যেমন খুশি তেমন সাজো প্রভৃতি প্রতিযোগিতা ছিল। ছিল স্মৃতিচারণা ও আড্ডা।