অধিকার বিএনপি-জামায়াত-হেফাজতের অঙ্গসংগঠন: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, মানবাধিকার সংগঠন অধিকার নিরপেক্ষতার মুখোশে বিএনপি-জামায়াত-হেফাজতের একটি রাজনৈতিক অঙ্গসংগঠনে পরিণত হয়েছে।
মন্ত্রী অভিযোগ করে বলেন, গত ৫ মে শাপলা চত্বরের ঘটনায় বিএনপি-জামায়াত-হেফাজতের রাজনৈতিক পরিকল্পনা ও কৌশলের অংশ হিসেবে রাজনৈতিক উদ্দেশ্যমূলক, সম্পূর্ণ ভিত্তিহীন, মনগড়া, কাল্পনিক, একপেশে ও অসত্য রিপোর্ট প্রকাশ করেছে অধিকার।
আজ সোমবার দুপুরে সচিবালয়ের তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। খবর বাসসের।
মন্ত্রী বিএনপি-জামায়াত-হেফাজত ও অধিকারের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ‘আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে খালেদা জিয়া-জামায়াত-হেফাজত-অধিকারসহ যারা গত ৫ মে শাপলা চত্বরে নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তিতে ভুগছে, বা সুপরিকল্পিতভাবে বিভ্রান্তি সৃষ্টি করছে, তাদের অবিলম্বে নিহতদের নাম-পরিচয়সহ তালিকা প্রকাশ করতে আহ্বান জানাচ্ছি।’ তিনি একই সঙ্গে মিথ্যাচার বন্ধ করা এবং ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করে রাজনৈতিক উসকানি দেওয়া থেকে বিরত থাকারও আহ্বান জানান।
মন্ত্রী বলেন, অধিকারের প্রতিবেদনটি ছিল সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিক উসকানিমূলক। অধিকারের প্রতিবেদনে নিহতের সংখ্যা ৬১ উল্লেখ করা সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য। প্রতিবেদনটি সম্পূর্ণ মনগড়া ও কাল্পনিক। তিনি বলেন, সমাবেশের নামে হেফাজতে ইসলাম ৫ মে সারা দিন রাজধানীর বায়তুল মোকাররম, পল্টন, বঙ্গবন্ধু এভিনিউতে যে তাণ্ডব, ধ্বংসযজ্ঞ, অগ্নিসংযোগ ও লুণ্ঠন চালায়, তার এক লাইনও উল্লেখ করা হয়নি প্রতিবেদনে।
মন্ত্রী আরও বলেন, অধিকার সরকারকে তথ্য দিতে অস্বীকৃতি জানিয়ে শুধু তথ্য অধিকার আইনের প্রতি অশ্রদ্ধা করেনি, বাংলাদেশ রাষ্ট্রকেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে।
অধিকার ফটোশপ প্রযুক্তি ব্যবহার করে নিজেদের ইচ্ছামতো ছবি তৈরি করে ছবিসহ প্রতিবেদন তাদের ওয়েবসাইটে দিয়ে দেশের তথ্যপ্রযুক্তি আইন লঙ্ঘন করেছে। এর মাধ্যমে ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করে রাজনৈতিক উসকানি দিয়ে শান্তিশৃঙ্খলা ভাঙার অপপ্রয়াস চালিয়েছে।
মন্ত্রী বলেন, পুলিশ দেশের প্রচলিত আইনে ও সুনির্দিষ্ট অভিযোগেই অধিকারের সম্পাদক আদিলুর রহমান খানকে গ্রেপ্তার করেছে। তাঁর গ্রেপ্তার কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নয়। তিনি বলেন, শুধু অধিকারের দৃষ্টিতে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি দেখা ঠিক হবে না। বাংলাদেশে আরও মানবাধিকার সংস্থা, সংগঠন, মানবাধিকারকর্মী আছেন, তাঁদের সঙ্গে যেসব বিদেশি আদিলুরের মুক্তি দাবি করেছেন, তাঁদের কথা বলা উচিত। প্রয়োজনে বিদেশিরা সরেজমিনে পর্যবেক্ষণে আসতে পারেন।
মন্ত্রীর সঙ্গে এ সময় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু আহমদ জোয়ার্দার, অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন ও জাকির হোসেন উপস্থিত ছিলেন।