
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, দেশের মানুষের জানমাল ও অধিকার রক্ষার জন্য কোনো কোনো ক্ষেত্রে শক্তি প্রয়োগ অপরিহার্য হয়ে পড়ে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মানুষের নিরাপত্তার কথা ভেবে পুলিশকে শক্তি প্রয়োগের নির্দেশ দিয়েছেন। তবে আমরা সাবধানতা বাণী উচ্চারণ করতে চাই, ওই শক্তি প্রয়োগ যেন আইনের মধ্য থেকে করা হয়। যেন তা মানবাধিকার লঙ্ঘন না করে।
দেশজুড়ে নাশকতা ও পেট্রলবোমা নিক্ষেপসহ চলমান সহিংসতা বন্ধের দাবিতে আজ শনিবার আয়োজিত শান্তি পদযাত্রা শেষে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান এ কথা বলেন।
সকাল সাড়ে ১০টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে এ পদযাত্রা শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আরও বলেন, ‘আমি করজোরে মিনতি করছি, ১৫ লাখ ছাত্রছাত্রীর জীবনকে আপনারা (২০-দলীয় জোট) অনিশ্চয়তার মধ্যে ফেলবেন না। আপনাদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধের পুনঃজাগরণ ঘটুক।’ সব রাজনৈতিক দলের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা সবাই সহিষ্ণুতা ও ধৈর্যের পরিচয় দেবেন। অহিংসভাবে সব রাজনৈতিক কর্মসূচি পালন করবেন।’
সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য কাজী রিয়াজুল হক ও মাহফুজা খানম প্রমুখ।