অধিকার রক্ষার আন্দোলনে নেতৃত্ব দিতে হবে আদিবাসীদেরই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, ‘নিরাপত্তার খাতিরে বন কেটে আদিবাসীদের যখন তাদের নিজস্ব ভূমি থেকে উচ্ছেদ করা হয়, তখন কোনো রাজনৈতিক দল হরতাল করে না। কেউ কথাও বলে না। কিন্তু যাঁর অনেক বাড়ি আছে এবং তাঁকে একটি বাড়ি থেকে চলে যেতে হলে তাঁর রাজনৈতিক দল হরতাল ডাকে।’মিজানুর রহমান বলেন, আদিবাসীদের মানবাধিকার রক্ষায় রাজনৈতিক দলের ঘুম না ভাঙলে তাদের অধিকার রক্ষায় করণীয় বিষয়গুলো বাস্তবায়ন নিয়ে সন্দেহ থেকে যাবে। তিনি বলেন, আদিবাসীদের অধিকার রক্ষায় জনস্বার্থে মামলা করার জন্যও তেমনভাবে কেউ এগিয়ে আসে না।গতকাল মঙ্গলবার ইন্ডিজেনাস পিপলস ডেভেলপমেন্ট সার্ভিসেস—আইপিডিএস আয়োজিত ‘ইন্ডিজেনাস উইমেন: ইস্যুজ অ্যান্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আদিবাসী নারীসহ সবার অধিকার রক্ষা আন্দোলনের নেতৃত্ব দিতে হবে আদিবাসীদেরই। কোনো বাঙালিকে এ দায়িত্ব দেওয়া হলে তার ফল ভালো হবে না।সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত স্টিফেন ফ্রয়েন বলেন, আদিবাসী নারীরা প্রথমত নারী ও দ্বিতীয়ত, আদিবাসী হওয়ার কারণে রাষ্ট্রে বৈষম্যের শিকার হচ্ছে। তিনি তাদের অধিকার রক্ষায় ইউরোপীয় ইউনিয়নের যেসব প্রতিষ্ঠান সহায়তা দিচ্ছে, সেগুলোর বর্ণনা দেন এবং এসব সহায়তা সব সময় থাকবে বলে জানান।রাষ্ট্রদূত আদিবাসীদের অধিকার রক্ষায় সরকার, দাতাগোষ্ঠীসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সেমিনারে সভাপতিত্ব করেন আয়োজক সংস্থার চেয়ারপারসন সঞ্জীব দ্রং।সেমিনারে আচিক মিচিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সুলেখা ম্রংসহ অন্য ব্যক্তিরা জানান, আদিবাসী, আদিবাসী নারী, অতি দরিদ্র ও প্রত্যন্ত অঞ্চলে বসবাস এবং অভিবাসী নারী হিসেবে পাঁচটি স্তরে আদিবাসী নারীরা বৈষম্যের শিকার হচ্ছেন। তাঁরা জানান, নিজেদের সমাজব্যবস্থায় এই নারীরা খুব একটা নির্যাতনের শিকার হন না, যতটুকু নির্যাতিত হন, তার বেশির ভাগই বাঙালিদের হাতে। রাস্তায় চলাচলের সময় ইভ টিজিংয়ের শিকারও হন তাঁরা।সেমিনারের মূল প্রবন্ধে তথ্য কমিশনার সাদেকা হালিম বলেন, আদিবাসী নারীদের উন্নয়নে কোনো নীতিমালা বা কর্মসূচি নেই। তাদের জন্য বাজেটও নেই। উন্নয়নের মূল স্রোতধারায় আদিবাসী নারীদের অন্তর্ভুক্ত করার বিষয়ে জোর দেন তিনি।সেমিনারে আদিবাসীদের ভূমি থেকে উচ্ছেদ করে দেওয়া এবং সংবিধানে আদিবাসীদের স্বীকৃতি না দেওয়ার বিষয়টি প্রাধান্য পায়।মিজানুর রহমান মানবাধিকার কমিশনের পক্ষ থেকে সংবিধান সংশোধনীর প্রক্রিয়ায় আদিবাসীদের স্বীকৃতি দেওয়ার জন্য সুপারিশ করবেন বলে জানান।