আদিবাসী-বাঙালি বা নারী-পুরুষ বলে কোনো শ্রেণিভেদ বা বৈষম্য হতে পারে না৷ মানুষে-মানুষে কখনোই ভেদাভেদ হয় না৷ যেখানেই মানুষের অধিকার লঙ্ঘিত হবে, সেখানেই প্রতিবাদী হতে হবে৷ গতকাল বুধবার সিলেটে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক সুলতানা কামাল৷
জেলা পরিষদ মিলনায়তনে দুই দিনব্যাপী মানবাধিকার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সুলতানা কামাল আরও বলেন, ‘বাংলাদেশে আদিবাসী জনগোষ্ঠী পদে পদে মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে৷ তাই তাদের পক্ষে আমাদের কণ্ঠকে অনেক বেশি বলিষ্ঠ ও তীক্ষ্ণ করতে হবে৷’
‘সমতা, বৈচিত্র্য ও মানবাধিকার’ শীর্ষক এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (এডকো) নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহ৷
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত উইলিয়াম হানা, অক্সফাম বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্নেহাল ভি সনেজি, সিলেট মহানগর পুলিশের ডেপুটি কমিশনার মুশফিকুর রহমান, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং ও সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী৷
ইউলিয়াম হানা বলেন, ‘ধর্ম ও বর্ণ মানুষকে ভাগ করে না৷ গণতন্ত্র বিশ্বাসকারী আর গণতন্ত্র অবিশ্বাসকারী—এ দুই ভাগে মানুষের ভাগ হয়৷ আমরা মানবাধিকার ও গণতন্ত্রকে সম্মান করি৷ বৈচিত্র্যই একটি দেশের সৌন্দর্য ফুটিয়ে তোলে৷ ইউরোপীয় ইউনিয়ন সেটা বিশ্বাস করে এ দেশের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে চলেছে৷’ এর আগে বেলা তিনটায় নগরের গুরুত্বপূর্ণ সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়৷
প্রথম আলোর প্রতিবেদকের সম্মাননা লাভ: পরিবেশ, আদিবাসী ও মানবাধিকার বিষয়ে বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশের জন্য মানবাধিকারকর্মীর দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে সিলেটে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল মেহেদীকে ‘মানবাধিকার সাংবাদিকতা সম্মাননা’ প্রদান করা হয়৷ এ ছাড়া বেসরকারি টেলিভিশনে কর্মরত আরও তিন সাংবাদিককে সম্মাননা দেওয়া হয়৷ তাঁরা হলেন বেসরকারি টিভি চ্যানেল সময় টেলিভিশনের সিলেটের আঞ্চলিক প্রধান ইকরামুল কবীর, যমুনা টেলিভিশন সিলেটের আঞ্চলিক প্রধান মাহবুবুর রহমান ও মাছরাঙা টেলিভিশন সিলেটের আঞ্চলিক প্রধান শাকির হোসাইন৷ প্রত্যেকের হাতে সম্মাননা-ক্রেস্ট এবং ইইউর পক্ষ থেকে একটি করে ল্যাপটপ তুলে দেওয়া হয়৷