অধিকারের আদিলুরের ছয় মাসের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে করা মামলায় মানবাধিকার সংগঠন অধিকারের সেক্রেটারি আদিলুর রহমান খান ওরফে শুভ্রর ছয় মাসের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
আদিলুর রহমানের জামিনের আবেদন গত ২৫ সেপ্টেম্বর নাকচ করেন সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল। এর বিরুদ্ধে গত বৃহস্পতিবার হাইকোর্টে আপিল করে আদিলুরের জামিন চাওয়া হয়। গতকাল এ বিষয়ে শুনানি হয়।
আদালতে আদিলুরের পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও জেড আই খান পান্না। সহায়তা করেন আইনজীবী মো. আসাদুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মামুন।
পরে আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, তথ্যপ্রযুক্তি আইনে করা ওই মামলায় আদিলুরের জামিন আবেদন নাকচ করেন সাইবার ট্রাইব্যুনাল। এর বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে তাঁর জামিন চাওয়া হয়। হাইকোর্ট আপিল গ্রহণ করে আদিলুরের ছয় মাসের জামিন মঞ্জুর করেছেন। ফলে তাঁর কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই। তথ্যপ্রযুক্তি আইন (আইসিটি অ্যাক্ট) লঙ্ঘনের অভিযোগে আদিলুর রহমানকে গত ১০ আগস্ট গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়ে অসত্য ও তথ্য বিকৃতির অভিযোগে আদিলুর ও পরিচালক এ এস এম নাসির উদ্দিনের বিরুদ্ধে প্রতিবেদন (প্রসিকিউশন) দেয় পুলিশ। পরদিন ঢাকার মুখ্য মহানগর হাকিম মামলাটি সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন।