অধিকারের তালিকা অসত্য, বিকৃত: ডিবি

মানবাধিকার সংস্থা অধিকার মতিঝিল শাপলা চত্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ৬১ জন নিহত হওয়ার যে তালিকা প্রকাশ করেছে, তা অসত্য ও বিকৃত।
আজ রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, ডিবি ওই ঘটনায় অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক নাসির উদ্দিনের বিরুদ্ধে মুখ্য মহানগর হাকিম আদালতে পুলিশের তদন্ত প্রতিবেদন দাখিল করেছে।
যুগ্ম কমিশনার মনিরুল জানান, অধিকার ৬১ জনের যে তালিকা দিয়েছিল, তা সত্য নয়। গত ১২ আগস্ট আদালতের অনুমতি নিয়ে ডিবি পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করে। ঢাকাসহ সারা দেশে পুলিশ তদন্ত করে নিশ্চিত হয়, অধিকার যে ৬১ জনের তালিকা প্রকাশ করেছে, তা মিথ্যা। তিনি বলেন, গত ৫ মে শাপলা চত্বর অভিযানে কেউ মারা যায়নি। ঘটনার আগে ও পরে রাজধানীতে ১৩ জন মারা যায়। আর ঢাকার বাইরে মারা যায় ১৩ জন। বাকি ৩৫ জনের মৃত্যুর সত্যতা পাওয়া যায়নি।
মনিরুল ইসলাম বলেন, আদালতে যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে, সেখানে দুজনকে আসামি করা হয়েছে। এর মধ্যে আদিলুর রহমান কারাগারে রয়েছেন। অন্য আসামি নাসির উদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য পুলিশ আদালতে আবেদন করেছে। এ মামলায় ৩২ জনকে সাক্ষী করা হয়েছে।