অধিকারের দুই কর্মকর্তার বিরুদ্ধে পুলিশের প্রতিবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়ে অসত্য ও বিকৃত তথ্য প্রচারের অভিযোগ এনে মানবাধিকার সংস্থা অধিকারের দুই কর্মকর্তার বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গুলশান থানায় করা সাধারণ ডায়েরির (জিডি) পরিপ্রেক্ষিতে তদন্ত করে গতকাল বুধবার এ প্রতিবেদন (প্রসিকিউশন) দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার মহানগর হাকিম জয়নব বেগমের আদালতে প্রতিবেদনটি উপস্থাপন করা হবে। তবে তথ্যপ্রযুক্তি আইনের অভিযোগ হওয়ায় এর গ্রহণযোগ্যতার শুনানি হবে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে। আদালত প্রতিবেদনটি গ্রহণ করলে অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক নাসিরউদ্দিন এলানের বিরুদ্ধে মামলার কার্যক্রম শুরু হবে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মো. মনিরুল ইসলাম গতকাল সংবাদ ব্রিফিংয়ে প্রতিবেদন দাখিল করার বিষয়টি নিশ্চিত করে বলেন, ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে মধ্যরাতে (রাত সাড়ে ১২টায়) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে কেউ নিহত হয়নি বলে তদন্তে নিশ্চিত হওয়া গেছে।

পুলিশের প্রতিবেদনে বলা হয়, আদিল ও নাসিরউদ্দিন ৬১ জনের মৃত্যুর ‘বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা’ তথ্যসংবলিত প্রতিবেদন তৈরি ও প্রচার করে জনমনে ক্ষোভের সৃষ্টি করেন, আইনশৃঙ্খলা বিঘ্নের অপচেষ্টা চালান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকার ও রাষ্ট্রের ভাবমূর্তি দেশে-বিদেশে চরমভাবে ক্ষুণ্ন করেন। পাশাপাশি তাঁরা ধর্মপ্রাণ মুসলমানদের মনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে বিরূপ মনোভাব সৃষ্টি করেন, যা তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ (১) ও (২) ধারায় অপরাধ। আসামিরা উদ্দেশ্যমূলকভাবে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর এবং সরকারকে অন্য রাষ্ট্রের কাছে হেয়প্রতিপন্ন করার চেষ্টা চালান, যা ফৌজদারি কার্যবিধির ৫০৫ ‘সি’ ও ‘ডি’ এবং ৫০৫ ‘এ’ ধারায় অপরাধ।

ডিবির ব্রিফিং: গতকাল বিকেলে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, নাসিরউদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করা হয়েছে। এতে সাক্ষী করা হয়েছে ৩২ জনকে। তিনি বলেন, অধিকারের ওয়েবসাইটে ১০ জুন ২৮ পৃষ্ঠার প্রতিবেদন ছাড়া হয়। এতে বিকৃত, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছিল। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এটি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের সুস্পষ্ট লঙ্ঘন হওয়ায় পুলিশ গুলশান থানায় অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আদিলুর রহমানকে ১০ আগস্ট গ্রেপ্তার করা হয়। আমল অযোগ্য অপরাধ হওয়ায় তাঁর বিরুদ্ধে সরাসরি মামলা করার সুযোগ ছিল না। সে কারণে তাঁকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়।

যুগ্ম কমিশনার বলেন, ১১ আগস্ট আদালতের অনুমতি নিয়ে অধিকার কার্যালয়ে তল্লাশি চালিয়ে দুটি কম্পিউটার ও দুটি ল্যাপটপ জব্দ করা হয়। তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবে পরীক্ষা করানো হয়।

অধিকারের প্রতিবেদনের প্রচ্ছদে পৃথক জায়গা থেকে লাশ সংগ্রহ করে ছবি ফটোশপের সাহায্যে জোড়া লাগিয়ে উপস্থাপন করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যরাতে পরিকল্পিতভাবে বিদ্যুতের সংযোগ বন্ধ করে দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালিয়েছে। কিন্তু তদন্ত করে দেখা গেছে, এটিও মিথ্যা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করেনি। ওই দিন বিদ্যুতের খুঁটি উপড়ে ফেলার কারণে তার ছিঁড়ে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়। ঢাকা সিটি করপোরেশন ও ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি তাদের প্রতিবেদনে বলেছে, রাস্তা ও আবাসিক ভবনে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ ছিল। তবে আদালতে দেওয়া প্রতিবেদনে বলা হয়, হেফাজতের উচ্ছৃঙ্খল কর্মীরা গাছপালা কেটে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং বিদ্যুতের তার ছিঁড়ে ফেলে। এ কারণে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

ডিবির যুগ্ম কমিশনার বলেন, অধিকারের কম্পিউটার থেকে পাওয়া নিহত ৬১ জনের তালিকা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। তালিকায় একটি ক্রমিক নম্বর নেই। পাঁচজনের নাম দুবার করে উল্লেখ করা হয়েছে। এদের মধ্যে ১৮ জনের ঠিকানা ভুয়া। ৩৫ জনের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। ৫ মে অভিযানের আগে ও পরে রাজধানীতে মোট ১৩ জনের মৃত্যু হয়। আর পরদিন সারা দেশে ১৩ জন মারা যায়।

ফের শঙ্কিত অধিকার: পরিচালক নাসিরউদ্দিনকে গ্রেপ্তারের আশঙ্কা করছে অধিকার। ডিবি পুলিশ আদিলুর রহমান ও নাসিরউদ্দিনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে—গণমাধ্যমে এ খবর প্রচারের পর গতকাল বুধবার সংগঠনটি এক বিবৃতিতে এ আশঙ্কা প্রকাশ করে।