শাপলা চত্বরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে মৃতের সংখ্যা নিয়ে কাল্পনিক তথ্য প্রকাশের অভিযোগ
অধিকারের সম্পাদক রিমান্ডে

মানবাধিকার সংগঠন অধিকারের সাধারণ সম্পাদক আদিলুর রহমান খানকে গ্রেপ্তারের পর পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গত শনিবার রাতে রাজধানীর গুলশান থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। রাতে পুলিশ অধিকারের কার্যালয়ে তল্লাশি চালায়। চারদলীয় জোট সরকারের আমলে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন। ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম গতকাল সাংবাদিকদের বলেন, আদিলুর রহমানকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে। তবে তিনি তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারার ১ ও ২ উপধারায় অপরাধ করেছেন। অপরাধটি হচ্ছে, গত ৫ মে রাতে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশের ঘটনার ওপর প্রতিবেদন প্রকাশ করে এনজিও হিসেবে নিবন্ধিত তাঁর প্রতিষ্ঠান ‘অধিকার’। এতে কাল্পনিকভাবে ৬১ জন মারা গেছে বলে দাবি করা হয়। প্রতিবেদনের প্রচ্ছদে ফটোশপের মাধ্যমে ছবি বিকৃত করে তা জুড়ে দেওয়া হয়েছে। এতে দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয় এবং মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা হয়। গ্রেপ্তারের ঘটনায় বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া উদ্বেগ প্রকাশ করে তাঁর মুক্তি দাবি করেছেন। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, তথ্যপ্রযুক্তি আইনের কোন ধারা তিনি কীভাবে ভঙ্গ করেছেন, সেটি স্পষ্ট করতে হবে। তাঁর ওপর যেন কোনো অত্যাচার না হয় এবং তিনি যেন অহেতুক হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।
শনিবার রাত ১০টা ২০ মিনিটে আদিলুরকে গুলশানে তাঁর বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তিনি বাইরে থেকে ফিরছিলেন। অধিকারের কর্মসূচি সমন্বয়ক রেজাউল করিম হাশমি প্রথম আলোর কাছে দাবি করেন, গত ৫ ও ৬ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
ওই প্রতিবেদনে অধিকার দাবি করে যে চলমান অনুসন্ধানের প্রাথমিক পদক্ষেপ হিসেবে অধিকার নিহত ৬১ জনের নাম সংগ্রহ করেছে।
আদালত প্রতিবেদক জানান, আদিলুরকে গতকাল বিকেলে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক অমিত কুমার দে তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী আদিলুরকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
আদালতে দেওয়া পুলিশের প্রতিবেদনে বলা হয়, অধিকারের সম্পাদক ও অন্যরা মিলে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে পুলিশ বাহিনী, সরকার ও র্যাবের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য তাদের ওয়েবসাইটের মাধ্যমে অভিযান-সংক্রান্ত সত্যিকারের ঘটনা আড়াল করে ওই রাতের ঘটনায় ৬১ জন নিহত ব্যক্তির তালিকা তৈরি করে। এ কারণে সরকার ও র্যাবের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের রহস্য উদ্ঘাটনের জন্য আসামিকে রিমান্ডে নিয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
আদালতে রিমান্ড আবেদনের শুনানি করেন ঢাকা মহানগর পিপি আবদুল্লাহ আবু, পুলিশের সহকারী কমিশনার মিরাশ উদ্দিন প্রমুখ।
অপর দিকে আসামির পক্ষে রিমান্ড বাতিল করে জামিন আবেদনের শুনানি করেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি এ জে মোহাম্মদ আলী এবং সানাউল্লাহ মিয়া। এ ছাড়া ঢাকা বারের সাবেক সভাপতি বোরহান উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মহসীন মিয়া, বর্তমান সাধারণ সম্পাদক খোরশেদ মিয়া আলমসহ প্রায় অর্ধশত আইনজীবী শুনানিতে অংশ নেন।
আইন কী বলে: তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় বলা হয়েছে, ‘কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ওয়েবসাইটে বা অন্য কোনো ইলেকট্রনিক বিন্যাসে এমন কিছু প্রকাশ বা সম্প্রচার করেন, যাহা মিথ্যা ও অশ্লীল বা সংশ্লিষ্ট অবস্থা বিবেচনায় কেহ পড়িলে, দেখিলে বা শুনিলে নীতিভ্রষ্ট বা অসত্য হইতে উদ্বুদ্ধ হইতে পারেন অথবা যাহার দ্বারা মানহানি ঘটে, আইনশৃঙ্খলার অবনতি ঘটে বা ঘটার সম্ভাবনা সৃষ্টি হয় বা রাষ্ট্র বা ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ন হয় বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বা করিতে পারে বা এ ধরনের তথ্যাদির মাধ্যমে কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে উসকানি প্রদান করা হয়, তাহা হইলে তাহার এই কার্য হইবে অপরাধ। কোনো ব্যক্তি এর অধীন অপরাধ করলে তিনি অনধিক ১০ বছর কারাদণ্ডে অথবা অনধিক এক কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত হইবেন।’
পুলিশ সূত্র জানায়, গত ১০ জুন মানবাধিকার সংস্থা অধিকার একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে শাপলা চত্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ৬১ জন নিহত হয়েছেন বলে দাবি করা হয়। এরপর ১০ জুলাই তথ্য মন্ত্রণালয় অধিকারের তথ্যানুসন্ধান প্রতিবেদন ও ৬১ জনের নাম-ঠিকানা চেয়ে পাঠায়।
সরকারের পক্ষ থেকে পাঠানো চিঠিতে বলা হয়, ‘শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে নিহতের সংখ্যা নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তা আরও গভীরভাবে অনুসন্ধান করে নিহতের প্রকৃত সংখ্যা ও ঘটনা জনগণের সামনে প্রকাশে সরকার আন্তরিক। ৬ ও ৭ মে নয়া দিগন্ত, সংগ্রাম, ইনকিলাবসহ অন্যান্য জাতীয় দৈনিকে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন তন্ন তন্ন করে খুঁজেও ১৬ জনের বেশি নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।’
এরপর অধিকার সেই চিঠির জবাবে হতাহতের কোনো তালিকা না দিয়ে সরকারকে জানায়, হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে এ ঘটনা তদন্তের জন্য নিরপেক্ষ কমিটি গঠন করতে হবে। সেই কমিটির কাছে তারা তালিকা হস্তান্তর করবে।
নিহতের তালিকা হাতে থাকলে তা সরকারের হাতে দিতে বাধা কোথায়, জানতে চাইলে অধিকারের পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলান প্রথম আলোকে বলেন, ‘৬১ জনের তালিকা আমাদের হাতে আছে। কিন্তু সেই তালিকা সরকারের হাতে দিলে নিহতদের পরিবারের নিরাপত্তা বিঘ্নিত হবে। এ কারণে সেই তালিকা দেওয়া হয়নি। তবে কোনো কমিশন হলে তার হাতে সেই তালিকা দেওয়া হবে। তিনি দাবি করেন, ওই প্রতিবেদনে যেসব তথ্য আছে, তার সব প্রমাণ তাঁদের হাতে রয়েছে।
সরকার চাইলেই কোনো নাগরিক বা সংগঠন বা প্রতিষ্ঠান সব তথ্য সরকারের হাতে তুলে দিতে বাধ্য কি না, জানতে চাইলে আইনজ্ঞ শাহ্দীন মালিক প্রথম আলোকে বলেন, সবকিছু সরকারের হাতে তুলে দিলে সংবিধান মানুষের বাসস্থান ও যোগাযোগের গোপনীয়তার যে অধিকার দিয়েছে, তা অর্থহীন হয়ে পড়বে। তিনি বলেন, এই অপরাধের জন্য রিমান্ডে নেওয়া হয়রানি ছাড়া আর কিছুই নয়।
গ্রেপ্তারের নিন্দা: মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) আদিলুর রহমানকে গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করে বলেছে, এতে মানবাধিকারের কর্মীদের স্বাধীনভাবে কাজ করা ও নিরাপত্তাবোধের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। আসকের নির্বাহী পরিচালক সুলতানা কামাল স্বাক্ষরিত বিবৃতিতে সরকারের কাছে তাঁর নিরাপত্তা নিশ্চিত করার দাবি করা হয়।
বেসরকারি সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ (টিআইবি) যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে স্বল্পতম সময়ের মধ্যে আদিলুর রহমানকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে ।
আদিলুর রহমানের গ্রেপ্তার বাকস্বাধীনতা ও তথ্য অধিকারের ওপর সরকারের নিকৃষ্ট হামলা বলে নিন্দা জানিয়েছেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন।
থাইল্যান্ডভিত্তিক মানবাধিকার সংগঠন ফোরাম এশিয়া তাঁর শারীরিক নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। আরও নিন্দা জানিয়েছে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ, ন্যাপ ভাসানী ও নাগরিক উদ্যোগ।