অধিকারের সম্পাদকের বিরুদ্ধে মামলা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এস এম নাসির উদ্দিনের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ-সংক্রান্ত আপিল শুনানির জন্য গ্রহণ করে গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। আদালত মামলার নথিপত্রও তলব করেছেন।
এই মামলায় আদিলুর রহমান খান ও নাসির উদ্দিনের বিরুদ্ধে ৮ জানুয়ারি অভিযোগ গঠন করেন সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল। ওই দিন অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে তাঁদের করা আবেদন ট্রাইব্যুনালে খারিজ হয়। ওই খারিজ আদেশের বিরুদ্ধে তাঁরা হাইকোর্টে আপিল করেন।
আপিলকারীর পক্ষের আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ ও মো. আসাদুজ্জামান মামলা পরিচালনা করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম।
মো. সেলিম প্রথম আলোকে বলেন, আদালত আপিল শুনানির জন্য গ্রহণ করে মামলাটির কার্যক্রমে তিন মাসের স্থগিতাদেশ দিয়েছেন।
গত বছরের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নিয়ে অসত্য ও তথ্য বিকৃতির অভিযোগে আদিলুর রহমান খান ও নাসির উদ্দিনের বিরুদ্ধে ৪ সেপ্টেম্বর পুলিশি প্রতিবেদন (প্রসিকিউশন) দেওয়া হয়। পরে ঢাকার মুখ্য মহানগর হাকিম মামলাটি সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন। এরপর তাঁদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।