অধিকারের সাধারণ সম্পাদক কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবাধিকার সংগঠন অধিকারের সাধারণ সম্পাদক আদিলুর রহমান খানকে কারাগারে পাঠানো হয়েছে। হাইকোর্টের আদেশে জিজ্ঞাসাবাদ অসমাপ্ত রেখেই গতকাল মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠায় পুলিশ। হেফাজতবিরোধী মতিঝিল অভিযান নিয়ে অসত্য ও ভিত্তিহীন তথ্য প্রকাশের অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে ১০ আগস্ট রাতে গুলশান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে জিজ্ঞাসাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেওয়া হয়।গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, আদিলকে জিজ্ঞাসাবাদে অধিকারের তালিকার কোনো ‘হদিস মেলেনি’। অধিকারের প্রতিবেদনে শাপলা চত্বরের সমাবেশে ৬১ জন নিহত হয়েছে বলে দাবি করা হলেও আদিল এ-সংক্রান্ত কোনো তথ্য দিতে পারেননি। রিমান্ডে থাকা অবস্থায় পুলিশ তাঁর কাছে জানতে চেয়েছে, নিহতদের তালিকা কার কাছে আছে।নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদের সূত্র ধরে পুলিশ অধিকারের গুলশান কার্যালয়ে তল্লাশি চালায়। সেখান থেকে কম্পিউটার ও কিছু কাগজপত্র জব্দ করে। কিন্তু এসব কম্পিউটারে এ ধরনের কোনো তালিকার খোঁজ মেলেনি।পুলিশ জানায়, আদিলের আবেদনে হাইকোর্টের একটি বেঞ্চ রিমান্ড স্থগিত করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। প্রয়োজনে আদিলকে কারা ফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়। হাইকোর্টের এই আদেশের পর গতকাল দুপুরে তাঁকে ঢাকার মহানগর হাকিম মোস্তফা শাহরিয়ার খানের আদালতে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে কারাগারে পাঠানো হয়।আদালত সূত্র জানায়, আদিলকে কারাগারে প্রথম শ্রেণীর বন্দীর মর্যাদা দিতে তাঁর আইনজীবী আবেদন করেন। কিন্তু আদালত সেই আবেদন নাকচ করে দেন।