অধিগ্রহণ করা জমি দুবার বিক্রি, মামলা
নাটোরের বড়াইগ্রামে মহাসড়ক নির্মাণের জন্য অধিগ্রহণ করা জমি দুবার বিক্রি করা হয়েছে। জমির দ্বিতীয় ক্রেতা সম্প্রতি পরিমাপ করতে গেলে প্রতারণার বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় প্রথম ক্রেতা জমির প্রথম মালিক আবদুল আলিমের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন।
মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে, ১৬ বছর আগে বনপাড়া-হাটিকুমরুল-ঢাকা মহাসড়ক নির্মাণের সময় সরকার বড়াইগ্রাম উপজেলার চকপাড়া মৌজার ৩৬০ নম্বর দাগের ২২ শতক জমি অধিগ্রহণ করে। জমির মালিক একই উপজেলার চকপাড়া গ্রামের আবদুল আলিম ওই সময় নাটোরের ভূমি হুকুম দখল কার্যালয় থেকে ওই জমির মূল্য বুঝে নেন। অধিগ্রহণ করা জমির ১৪ শতকের ওপর দিয়ে মহাসড়ক নির্মাণ করা হয়। বাকি আট শতক জমি সড়কের পাশে অব্যবহূত অবস্থায় পড়ে থাকে। আবদুল আলিম ওই আট শতক জমি ২০০৭ সালে সাইফুল ইসলামের কাছে আবার বিক্রি করেন। সাইফুল ইসলাম ওই জমি ২০১১ সালে বড়াইগ্রামের লক্ষ্মীকোল গ্রামের ফজলুল হকের কাছে বিক্রি করে দেন। সম্প্রতি ফজলুল জমি মাপজোক করতে গেলে প্রতারণার বিষয়টি ধরা পড়ে।
প্রথম ক্রেতা সাইফুল ইসলাম বলেন, ‘এ ব্যাপারে আবদুল আলিমের বিরুদ্ধে আমি বড়াইগ্রাম আমলি আদালতে প্রতারণার মামলা করেছি।’ আদালতের নির্দেশে বড়াইগ্রাম থানার উপপরিদর্শক বিদ্যুৎ কুমার বর্তমানে মামলাটি তদন্ত করছেন। বিদ্যুৎ কুমার বলেন, ‘জমিটি বর্তমানে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের দখলে রয়েছে। আমি কাগজপত্র পরীক্ষা করে দেখছি। তদন্ত এখনো শেষ হয়নি।’
সওজের নাটোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী বাদেশ আলী জানান, ওই আট শতক জমি তাঁদের দখলে আছে।
আবদুল আলিম প্রতারণার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আদালত এ ব্যাপারে যা সিদ্ধান্ত দেবেন তা মেনে নেব।’