অধিগ্রহণ করা জমি পরিদর্শনে নৌবাহিনীর প্রধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার সাবমেরিন নৌঘাঁটির জন্য অধিগ্রহণ করা জমি পরিদর্শন করেছেন নৌবাহিনীর প্রধান মোহাম্মদ নিজামউদ্দিন আহমেদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।

তাঁরা গতকাল মঙ্গলবার দুপুরে হেলিকপ্টারে করে মগনামায় যান। এ সময় তাঁদের সঙ্গে চীনের একটি প্রতিনিধিদলও ছিল। জেলা প্রশাসক মো. আলী হোসেন তাঁদের স্বাগত জানান। নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

জমি পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউএনও জয়নাল আবদিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ, সহকারী পুলিশ সুপার (চকরিয়া-পেকুয়া সার্কেল) কাজী মোহাম্মদ মতিউল ইসলাম, পেকুয়া থানার ওসি জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভূঁইয়া।

এর আগে থেকেই পুরো মগনামা ইউনিয়নে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তার ব্যবস্থা করেন। গণমাধ্যমকর্মীদের পরিদর্শনস্থলে যেতে দেওয়া হয়নি।

তবে পরিদর্শন শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ প্রথম আলোর কাছে এই পরিদর্শনের সত্যতা নিশ্চিত করেন।