অধিগ্রহণ করা জমির মালিকেরা টাকা পাননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশায় চন্দনা-বারাসিয়া প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমির মালিকেরা এখনো তাঁদের পাওনা টাকা বুঝে পাননি। প্রকল্পের মেয়াদ এ বছরের জুনে শেষ হওয়ার কথা থাকলেও মে মাসে কাজ শুরু হয়েছে।
রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয় সূত্রে জানা যায়, চন্দনা-বারাসিয়া প্রকল্পের আওতায় ২০১২-১৩ অর্থবছরে দুটি দরপত্র আহ্বান করা হয়। এর মধ্যে ২ হাজার ৭০০ মিটার নদীর মুখ খনন করার জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয় ৩ কোটি ২৪ লাখ টাকা। এতে প্রায় ৩১-৩২ মিটার ওপরের দিকে, নিচে ১৪ মিটার চওড়া করে ছয় মিটার গভীর করে খনন করতে হবে। কুষ্টিয়ার ভেড়ামারার মেসার্স মেহেরুন আলম ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে ওই কাজের দায়িত্ব পান ইদ্রিস মণ্ডল। তিনি পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ হাসান ওদুদ ওরফে ওদুদ মণ্ডলের ভাই। খনন সম্পন্ন করার জন্য ৪০ দশমিক ৬৫ একর জমি অধিগ্রহণ করা হয়। কিন্তু অধিগ্রহণের নোটিশ দেওয়া হলেও আজ পর্যন্ত কোনো টাকা দেওয়া হয়নি।
এদিকে চলতি বছরের জুনের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও ১৩ মে কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে জমির মালিকেরা তাঁদের পাওনা টাকার বিষয়ে আপত্তি তোলেন।
সাতটা গ্রামের আবদুল হান্নান মোল্লা জানান, ‘অধিগ্রহণ করা জমির মধ্যে আমার জমি রয়েছে ৫০ শতাংশ। এ ছাড়া আমার পরিবারের যৌথ মালিকানার আরও চার একর জমি আছে। এসব জমির প্রায় অর্ধেক খনন প্রকল্পে যাবে। কিন্তু আজ পর্যন্ত কোনো টাকা পাই নাই।’
একই গ্রামের রাজু আহমেদ অভিযোগ করেন, জেলা প্রশাসকের কার্যালয় থেকে শতাংশ প্রতি তিন হাজার টাকা করে চাওয়া হচ্ছে। কারণ হিসেবে বলা হচ্ছে, দপ্তরের বিভিন্ন খরচ আছে। তা না হলে চেক পাওয়া যাবে না।
বাসিন্দা সাচ্চু বিশ্বাস জানান, খনন প্রকল্পের মধ্যে তাঁর প্রায় ৪০ শতাংশ জমি রয়েছে। তিনি এখনো টাকা পাননি। ঠিকাদার ইদ্রিস মণ্ডল জানান, জমি অধিগ্রহণ নিয়ে ঝামেলা থাকায় যথাসময়ে কাজ শুরু করা যায়নি। প্রায় ১৫-২০ দিন আগে কাজ শুরু করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে।
পাউবোর ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী গৌরপদ সূত্রধর জানান, ‘অধিগ্রহণ করা জমির দাম ৮ কোটি ৭ লাখ টাকা। আমরা মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে সব টাকা দিয়ে দিয়েছি। এখন টাকা দেওয়ার দায়িত্ব জেলা প্রশাসকের কার্যালয়ের।’
রাজবাড়ীর জেলা প্রশাসক রফিকুল ইসলাম খান জানান, ‘টাকা রেডি আছে। তবে টাকা দেওয়ার আগে জমির মালিকানা প্রমাণ করতে হবে।’ টাকার বিষয়ে জমির মালিকদের কাছে কোনো কর্মকর্তা অনৈতিকভাবে টাকা-পয়সা চেয়েছেন বলে তাঁর কাছে কেউ কোনো অভিযোগ করেননি বলে জানান তিনি।