পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নে পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্র প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণকারী মালিকদের গতকাল শনিবার চেক বিতরণ করা হয়েছে। চেক বিতরণ হলেও অধিগ্রহণ করা ভূমির মূল্য নির্ধারণ নিয়ে ভূমির মালিকেরা অসন্তোষ প্রকাশ করেছেন।
ধানখালী ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের মাছুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গতকাল সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে চেক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক অমিতাভ সরকার। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব এ কে এম হুমায়ুন কবির, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, কলাপাড়া পৌরসভার মেয়র এস এম রাকিবুল আহসান প্রমুখ। ভূমিমালিকদের পক্ষে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা এস এম নাজমুল হুদা সালেক।
ভূমির মূল্য নির্ধারণ নিয়ে মাছুয়াখালী গ্রামের আবদুর রহিম চৌকিদার বলেন, বর্তমানে প্রতি শতাংশ পাঁচ হাজার টাকার কিছু বেশি নির্ধারণ করা হয়েছে। তাতে ১০ শতাংশ জমির বিনিময়ে যে টাকা পাওয়া যাবে, তা দিয়ে অন্য কোথাও তিন শতাংশ জমিও কেনা যাবে না।
মাছুয়াখালী গ্রামের খলিল রহমান মোল্লা বলেন, ‘আমার সাড়ে চার বিঘা জমির ওপর বাড়ি। সেখানে ২০০ হাত লম্বা ও ১৫০ হাত চওড়া একটি পুকুর আছে। ওই বাড়িতে একটি আধা পাকা দোতলা ঘর আছে। বিভিন্ন জাতের প্রচুর গাছ আছে। অথচ এর দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ৭ লাখ ৮০ হাজার টাকা। অন্যদিকে ১৫ শতাংশ জমির ওপর টিনশেড ঘরসহ জমির দাম ধরা হয়েছে সাত লাখ টাকা। এটা বৈষম্য ছাড়া আর কী বলেন?’
মধুপাড়া গ্রামের আবদুল গণি মৃধা, মরিচবুনিয়া গ্রামের শরীফ আলী মৃধাসহ বিভিন্ন গ্রামের কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, তাঁরা কোথাও যাতে ঘরবাড়ি করতে পারেন, সে জন্য পুনর্বাসনের দাবি জানিয়েছিলেন। অথচ এ রকম কোনো উদ্যোগ এখন পর্যন্ত নেওয়া হয়নি।
এ সময় তাঁরা এ বছর প্রত্যেকের নিজ নিজ জমি চাষাবাদ করার সুযোগ দাবি করেন। এ ছাড়া নিশানবাড়িয়া, চর নিশানবাড়িয়া ও মধুপাড়া মৌজার যেসব জমি অধিগ্রহণের বাইরে পড়েছে, সেসব জমি যাতে মালিকেরা বিক্রি করতে পারেন, সেই-সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার, বাড়িঘরের দাম কৃষি জমির তুলনায় কম নির্ধারণ করার বিষয়টি তদন্তপূর্বক পুনর্নির্ধারণ করা এবং অধিগ্রহণ করা জমির মূল্য সঠিকভাবে পাওয়ার ব্যাপারে যাতে কোনো ধরনের হয়রানিতে পড়তে না হয়, তার নিশ্চয়তা চান তাঁরা।
এ বিষয়ে জেলা প্রশাসক অমিতাভ সরকার বলেন, ‘ভূমির মালিকেরা যাতে এলাকায় বসে ক্ষতিপূরণের অর্থ পেতে পারেন, সেই ব্যবস্থা আমরা করব।’ এ সময় তিনি তাঁদের অন্যান্য দাবি বিবেচনা করার আশ্বাস দেন।
নিশানবাড়িয়া, চর নিশানবাড়িয়া ও মধুপাড়া মৌজার ১০০২ একর জমি অধিগ্রহণ করে তাতে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। ২০১৪ সালের ১৯ মার্চ চীনা কোম্পানি চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) সঙ্গে যৌথ মালিকানায় কলাপাড়ায় পায়রা বন্দরের পাশে একটি কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য ঢাকায় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।