অধিগ্রহণের ২৩ বছর পর জায়গা ফেরত
কুমিল্লার হোমনা উপজেলা পরিষদের প্রবেশদ্বারের ২০ শতক জায়গা অধিগ্রহণের ২৩ বছর পর মালিককে ফিরিয়ে দিয়েছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে উপজেলা পরিষদের দেয়াল ভেঙে জায়গা বুঝিয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহামেদ জামিল।
ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদের প্রয়োজনে পরিষদের প্রবেশদ্বারে স্থানীয় আবদুল করিম ওরফে মলু মিয়ার হোমনা মৌজার ২০ শতক জায়গা ১৯৯২ সালের ১২ ডিসেম্বর অধিগ্রহণ করে জেলা প্রশাসন। ১৯৯৩ সালে জমি অধিগ্রহণের বিরুদ্ধে দেওয়ানি আদালতে একটি মামলা করেন আবদুল করিম। ওই মামলায় জমি অধিগ্রহণ না করার আদেশ দেওয়া হয়। ১৯৯৩ সালেই এ আদেশের বিরুদ্ধে সরকারপক্ষ আপিল করে। এতে সরকারপক্ষের আপিল গৃহীত হয়। সাব-জজ আদালতের আপিলের রায়ের বিরুদ্ধে ২০০২ সালে হাইকোর্টে একটি রিট করেন আবদুল করিম। হাইকোর্ট নালিশি জায়গায় অধিগ্রহণ থেকে অব্যাহতি প্রদান করেন। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে ২০১০ সালে সরকারপক্ষ লিভ টু আপিল করে। ২০১৪ সালে আবদুল করিম ওই জায়গার ভূমিকর (খাজনা) দিতে গেলে তাঁকে ফিরিয়ে দেয় উপজেলা প্রশাসন। এর কিছুদিন পর উপজেলা প্রশাসনকে একটি উকিল নোটিশ পাঠান তিনি। তাতেও কাজ না হওয়ায় আবদুল করিম গত বছর কুমিল্লা জেলা প্রশাসক, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ও ইউএনওকে বিবাদী করে আদালত অবমাননার মামলা করেন।
আবদুল করিম বলেন, ‘দীর্ঘ ২৩ বছর এই জমির জন্য মামলা করে সর্বস্বান্ত হয়ে গেছি। আজ জায়গা ফেরত পেয়ে আমি খুশি।’
ইউএনও আহমেদ জামিল বলেন, হাইকোর্টের রায়ের রিভিউ আপিলের সময়সীমা গত বছরের মে মাসেই শেষ হয়ে যায়। বিষয়টি এরও দু-তিন মাস পর তাঁরা জানতে পারেন। এ জন্য আপিল রিভিউ করা সম্ভব হয়নি। তাই জেলা প্রশাসকের নির্দেশে আদালতের রায় বাস্তবায়ন করে জায়গা মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল বলেন, জায়গাটা মালিককে বুঝিয়ে না দিলে আদালত অবমাননা হতো। লিভ টু আপিলের সময়সীমা অতিক্রান্ত হয়ে যাওয়ার বিষয়ে কারও কোনো গাফিলতি আছে কি না, তা খতিয়ে দেখা হবে এবং পরবর্তীকালে ওই জায়গার বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া যায় কি না, তা চিন্তা করা হবে।