অধিবেশনে এসে সব কর্মকাণ্ডে অংশগ্রহণ করুন - বিরোধী দলকে স্পিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী আগামী ৩ জুনের বাজেট অধিবেশনে বিরোধী দলকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সংসদই হচ্ছে বাংলার মানুষের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলনের কেন্দ্রবিন্দু। অতীতের ভুলত্রুটি ভুলে গিয়ে সংসদের সব কর্মকাণ্ডে অংশগ্রহণ করুন।’

আজ মঙ্গলবার বিকেলে নিজ জেলা নোয়াখালীতে এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় স্পিকার এসব কথা বলেন।

শিরীন শারমিন বিএনপির উদ্দেশে বলেন, ‘জনগণের নির্বাচিত প্রতিনিধি দিয়েই সংসদ গঠিত।...মহান জাতীয় সংসদ অধিবেশনে এসে জনগণের অধিকার বাস্তবায়নের সহযোগিতা করুন।’

নোয়াখালী প্রেসক্লাব চত্বরে আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সাংসদ একরামুল করিম চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রেলপথমন্ত্রী মজিবুর রহমান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক এ বি এম জাফর উল্যাহ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিন, জেলা আওয়ামী লীগের নেতা মিয়া মো. শাহজাহান, আবদুল ওয়াদুদ, আবদুল মমিন, আবু তাহের, শহিদ উল্যাহ খান প্রমুখ।

শিরীন শারমিন বলেন, ‘আমি নবম জাতীয় সংসদে প্রথম নারী স্পিকার নির্বাচিত হওয়ায় বাংলাদেশে নারীর অগ্রযাত্রা এবং ক্ষমতায়নে এক নতুন মাত্রার যোগ হয়েছে। বিশ্বসভায় বাংলাদেশ নারীর ক্ষমতায়নে আরও বেশি করে প্রশংসিত হচ্ছে। সর্বোপরি বাংলাদেশের নারীদের জন্য এটি একটি বড় পাওনা এবং আমার জেলা নোয়াখালীবাসীর জন্য গর্বের বিষয়।’

নোয়াখালীবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা আয়োজনের জন্য স্পিকার নোয়াখালী জেলার সর্বস্তরের মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, জেলার সব উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে জেলার রাজনৈতিক দল, নোয়াখালী প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট দিয়ে স্পিকারকে সম্মাননা জানানো হয়।

এর আগে দুপুরে চাটখিল উপজেলা পরিষদ চত্বরেও শিরীন শারমিনকে সংবর্ধনা দেওয়া হয়। এতে সাংসদ ফরিদুন্নাহার লাইলী, রুবী রহমান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুস বক্তব্য দেন।