সরকারি সাত কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্তি বাতিল চেয়ে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছেন। এ পরিপ্রেক্ষিতে এই অধিভুক্তির বিষয়ে বিভ্রান্তি নিরসনে আজ শনিবার বক্তব্য দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বীকার করে বলেছে, ‘পূর্ব প্রস্তুতি ছাড়া অপরিকল্পিতভাবে হঠাৎ করে ঢাকার সাতটি সরকারি কলেজকে অধিভুক্ত প্রতিষ্ঠান হিসেবে গ্রহণের ফলে অসুবিধার সৃষ্টি হয়েছে।’ তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আশ্বস্ত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বতন্ত্র লোকবল ও ব্যবস্থাপনা দ্বারা অধিভুক্ত বা উপাদানকল্প শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একাডেমিক কার্যক্রম পরিচালিত হবে বিধায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা ও সামগ্রিক কার্যক্রম বাধাগ্রস্ত হবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের সব কার্যক্রম নিজ নিজ ক্যাম্পাসে পরিচালিত হবে। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো পরিচয়পত্র দেওয়া হবে না। তাঁরা আগের মতো নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরিচয়পত্র গ্রহণ করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন, পরিবহন, স্বাস্থ্যসেবা, পাঠাগার প্রভৃতির কোনোটিই ব্যবহার করার সুযোগ তাঁদের নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শুধু এ বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্রধারী শিক্ষার্থীদের জন্যই উন্মুক্ত। এ ছাড়া অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন পরীক্ষা, ভর্তিসহ ব্যাংকিং কার্যক্রম নিজ নিজ কলেজ বা সুবিধাজনক স্থানে অনুষ্ঠিত হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নয়।
গত বছরের ১৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় ঢাকা কলেজ, ইডেন কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও তিতুমীর কলেজ।
গত সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলনে নামেন। তাঁরা উপাচার্যের কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে আসার পর তিন দফায় আন্দোলন করেন অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা। গত ২০ জুলাই ফলাফল প্রকাশ ও পরীক্ষা নেওয়ার দাবিতে প্রথম আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এই আন্দোলনে শাহবাগে শিক্ষার্থীদের সমাবেশে পুলিশের কাঁদানে গ্যাসের শেলে দৃষ্টিশক্তি হারান তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমান।