ভূমি মন্ত্রণালয় ও ভূমি জরিপ অধিদপ্তরের মধ্যে দ্বন্দ্বের কারণে পিয়ন পদে নিয়োগ বন্ধ হয়ে গেছে। গত ১১ মার্চের মধ্যে এই নিয়োগ শেষ করার কথা ছিল। নতুন করে সময় না বাড়ালে এই নিয়োগ আর সম্ভব হবে না। সংস্থাপন মন্ত্রণালয় বলছে, সময় বাড়ানোর বিষয়ে তারা এখনো কোনো আবেদন পায়নি। জানা গেছে, ভূমি জরিপ ও রেকর্ড অধিদপ্তরে জন্য আটটি পদে গত বছরের ১৮ ডিসেম্বর নয় হাজার ৬৭ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন। গত ২৮ ডিসেম্বর মৌখিক পরীক্ষা গ্রহণ করে ওই দিনই ফল প্রকাশ করে সাতটি পদের নিয়োগও সম্পন্ন করা হয়। ২৪ ডিসেম্বর বাকি পদের জন্য মৌখিক পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু ভূমি মন্ত্রণালয়ের মৌখিক নির্দেশে এমএলএসএস বা পিয়ন নিয়োগ বন্ধ রাখা হয়। সূত্র জানায়, ভূমি মন্ত্রণালয় থেকে পিয়ন পদের উত্তরপত্র ও নম্বর ফর্দ চেয়ে ভূমি জরিপ ও রেকর্ড অধিদপ্তরকে চিঠি দেয় ১৬ ফেব্রুয়ারি। তবে মন্ত্রণালয় তারই অধীন দপ্তরের কাছ থেকে এখনো এসব নথি পায়নি। অধিদপ্তর সূত্রে জানা গেছে, তারা ২২৩টি উত্তরপত্রের ফটোকপি করেছে। তাদের আশঙ্কা, নম্বর পাল্টে জালিয়াতি করা হতে পারে। তাই অনুলিপি রাখা হচ্ছে। এমএলএসএস পদের জন্য সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস চাওয়া হলেও মাস্টার্স উত্তীর্ণ ব্যক্তিরাও এই পরীক্ষায় অংশ নেন। সব ধরনের প্রার্থী একই প্রশ্নপত্রে পাস করেছে কীভাবে তা যাচাই করতেই নম্বর ফর্দ চেয়েছিল মন্ত্রণালয়। প্রসঙ্গত, তৃতীয় বা চতুর্থ শ্রেণীর পদের জন্য নির্ধারিত কোনো আইন, বিধান বা নীতিমালা নেই। প্রতিষ্ঠান ও সংস্থা নিজেদের সুবিধা অনুযায়ী নিয়োগ করে থাকে।ভূমি প্রতিমন্ত্রী মুস্তাফিজুর রহমান গত বৃহস্পতিবার নিজ দপ্তরে প্রথম আলোকে বলেন, যেকোনো অভিযোগ উঠলেই মন্ত্রণালয়ের উচিত তা যাচাই-বাছাই করা। সে জন্যই উত্তরপত্র চাওয়া হয়েছে। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আসলাম আলম জানান, বুয়েটের পরীক্ষক দিয়ে কোডিং পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ ও নম্বরপত্র নির্ধারণ করা হয়েছে। এখানে কারসাজি করার কোনো সুযোগ নেই। উত্তরপত্রের ফটোকপি করার কাজ চলছে। শেষ হলেই পাঠানো হবে। সরকারি দলের পছন্দের অনেক প্রার্থী পাস না করায় যাচাই-বাছাই করার নামে পরীক্ষা বাতিলের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আবার অপরপক্ষ বলছে, মন্ত্রণালয়ের তুলনায় ভূমি জরিপ রেকর্ড অধিদপ্তরের ওপর প্রধানমন্ত্রীর প্রভাবশালী এক উপদেষ্টার প্রভাব বেশি। এ কারণেই প্রয়োজনীয় নথি পাঠাতে গড়িমসি করা হচ্ছে।