অধ্যক্ষ অবরুদ্ধ, এইচএসসির প্রবেশপত্রের দাবি
টাঙ্গাইলের সখীপুর উপজেলার মুজিব ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জয়নুল আবেদীনকে এইচএসসির পরীক্ষার্থীরা গতকাল বুধবার বেলা একটা থেকে সন্ধ্যা সাত পর্যন্ত অবরুদ্ধ করে রাখে। পাঁচজন ছাত্রের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও প্রবেশপত্রের দাবিতে পরীক্ষার্থীরা এ কাজ করে। এ সময় তারা অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এতে পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল পণ্ড হয়ে যায়।বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, কোচিং ফি এক হাজার টাকাসহ কলেজের সমুদয় পাওনা পরিশোধ করে এ বছর ৩৩৫ জন পরীক্ষার্থী ফরম পূরণ করে। কলেজ পরিচালনা পর্ষদ ফরম পূরণের সময় কোচিং ক্লাসে অনুপস্থিত থাকলে প্রতিদিন প্রত্যেক ছাত্রকে ৫০ টাকা জরিমানা দিতে হবে বলে একটি নোটিশ দেয়। এর ভিত্তিতে কর্তৃপক্ষ কোচিং ক্লাসে অনুপস্থিত শিক্ষার্থীদের একটি তালিকা প্রকাশ করে এবং জরিমানার টাকা পরিশোধ করে প্রবেশপত্র সংগ্রহের নির্দেশ দেয়। ১২ মার্চ নোটিশ প্রকাশের দিনই তারা ওই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে অধ্যক্ষের বিরুদ্ধে মিছিল করে। পরে অধ্যক্ষের বিরুদ্ধে মিছিল-সমাবেশের অভিযোগে ২৫ মার্চ কলেজ পরিচালনা পর্ষদের সভায় পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্ত জানার পর পরীক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তারা বিদায় অনুষ্ঠানে যোগ না দিয়ে গতকাল অধ্যক্ষকে ছয় ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। বেলা একটায় পুলিশ মারজুক রাসেল নামের এক পরীক্ষার্থীকে আটক করে গাড়িতে তোলে। এ সময় পরীক্ষার্থীরা পুলিশের গাড়ি থেকে ওই ছাত্রকে ছিনিয়ে আনে।বহিষ্কৃত ছাত্র মারজুক রাসেল জানায়, প্রবেশপত্র আটকে জরিমানা আদায়ের নামে যে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে, তা অন্যায়। এ সিদ্ধান্ত প্রত্যাহার না করলে কেউই পরীক্ষায় অংশ নেবে না। ভারপ্রাপ্ত অধ্যক্ষ জয়নুল আবেদীন বলেন, ছাত্রদের বহিষ্কারের সিদ্ধান্ত নিলেও তা চূড়ান্ত হয়নি। তবে জরিমানা আদায়ের বিষয়টি কলেজের গভর্নিং বডির সিদ্ধান্ত বলে তিনি জানান। এ ব্যাপারে কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি সাংসদ শওকত মোমেন শাহজাহান বলেন, তিনি পরীক্ষার্থীদের দাবির ব্যাপারে দু-এক দিনের মধ্যে ইতিবাচক সিদ্ধান্ত নেবেন।