অধ্যক্ষ-উপাধ্যক্ষসহ ১১ জন লাঞ্ছিত, ভর্তি কার্যক্রম স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজে এইচএসসি প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে। গত শনিবার একদল উচ্ছৃঙ্খল ছাত্র কলেজে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও অধ্যক্ষ-উপাধ্যক্ষসহ ১১ জন শিক্ষক-কর্মচারীকে লাঞ্ছিত করার পর কলেজ কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।
অধ্যক্ষ আবদুর রহমান গতকাল রোববার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘বোর্ডের নিয়মে ছাত্রছাত্রী ভর্তি করতে গিয়ে মার খেয়েছি, এর থেকে হৃদয়বিদারক ঘটনা আর কী হতে পারে। শনিবার ছাত্রদের হামলা ও তাণ্ডবের পর একাডেমিক কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত নিয়ে ১১১টি আসন খালি রেখে ভর্তি স্থগিত রেখেছি। আবার ভর্তি শুরু করতে হলে একাডেমিক কাউন্সিলের সভা ডাকতে হবে। বিষয়টি নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। তবে ২২ জুলাইয়ের মধ্যে ভর্তি -প্রক্রিয়া সম্পন্ন করে বোর্ডের ফি জমা দিতে হবে। বিষয়টি বোর্ডের চেয়ারম্যান, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট মহলকে জানিয়ে দেওয়া হয়েছে।’
প্রত্যক্ষদর্শী ১০-১২ জন ছাত্র ও অভিভাবক জানান, কলেজের বিজ্ঞান ভবনের কয়েকটি কক্ষে প্রথম বর্ষ বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে শিক্ষার্থী ভর্তি চলছিল। ছাত্রলীগের কয়েকজন নেতা এবং কলেজের অভ্যন্তরীণ ও বহিরাগত কিছু ছাত্র তাঁদের পছন্দের তালিকা অনুযায়ী ছাত্র ভর্তি করার জন্য কলেজের ভর্তি কমিটিকে চাপ দিতে থাকেন। শনিবার বেলা ১১টার দিকে ওই নেতা-কর্মীরা বিজ্ঞান ভবনে গিয়ে তাঁদের তালিকার ছাত্রদের ভর্তির জন্য চাপ দিতে থাকেন। এ সময় শিক্ষকদের সঙ্গে তর্কাতর্কির একপর্যায়ে কিছু উচ্ছৃঙ্খল শিক্ষার্থী উপাধ্যক্ষ মো. মোসলেমকে লাঞ্ছিত করেন। ঘটনা শুনে অধ্যক্ষ আবদুর রহমান ঘটনাস্থলে গেলে তাঁকেও লাঞ্ছিত করেন ওই শিক্ষার্থীরা। একই সঙ্গে সেখানে কর্মরত শিক্ষক মহশীনুল বারী, আবু বকর সিদ্দিক ও বদরুল হুদা, প্রদর্শক সুধীর চন্দ্র রায়সহ ১১ জন শিক্ষক-কর্মচারীও তাঁদের হাতে লাঞ্ছিত হন।
এ ঘটনার পর পরই ছাত্ররা সেখান থেকে বেরিয়ে কলেজ চত্বরে গিয়ে মিছিল বের করে এবং ইটপাটকেল ছুড়ে বিজ্ঞান ও প্রশাসনিক ভবনের দরজা-জানালার কাচ ভাঙচুর এবং কলেজ চত্বরে রাখা উপাধ্যক্ষের মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ এসে দুপুর একটার দিকে ছাত্রদের ক্যাম্পাস থেকে বের করে দিলে পরিস্থিতি শান্ত হয়।
তবে সাতজন শিক্ষার্থী জানায়, তালিকা মোতাবেক ছাত্র ভর্তির কথা বলতে গেলে উপাধ্যক্ষ মো. মোসলেম কলেজ ছাত্রলীগের সভাপতি বিদ্যুৎকে লাঞ্ছিত করেন। এ জন্য সাধারণ ছাত্ররা উত্তেজিত হয়ে বিভিন্ন ঘটনা ঘটিয়েছে।
উপাধ্যক্ষ মো. মোসলেম বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। যা কিছু হয়েছে মুখে মুখেই কথা-কাটাকাটি হয়েছে।
কলেজ সূত্র জানায়, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করে। এইচএসসি প্রথম বর্ষ বিজ্ঞানে ৩০০, মানবিকে ২৫০ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ২৭৫ মিলে ৮২৫টি আসনে ভর্তির জন্য মেধাক্রম অনুযায়ী ৮২৫ জনের তালিকা তৈরি করা হয়। শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী ২৪, ২৫ ও ২৬ জুন কলেজে ভর্তি চলে এবং এ তিন দিনে ৬৫৪ জন ভর্তি হয়। অবশিষ্ট ১৭১টি খালি আসনের জন্য অপেক্ষমাণ তালিকা ঝুলিয়ে দেওয়া হয়। ২৮ জুন ওই আসনগুলো পূরণ করার কথা থাকলেও ওই দিন ছাত্রদের চাপের মুখে ভর্তি স্থগিত করা হয়। পরে ৩০ জুনের মধ্যে ভর্তির কাগজ বোর্ডে পাঠিয়ে দেওয়া হয়। গত শনিবার বিলম্ব ফি নিয়ে আবার অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি শুরু হলে ৬০ জন ভর্তি হয়। এরই মধ্যে ছাত্রদের হামলায় ভর্তি কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।