অধ্যক্ষ ও এক চিকিৎসক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ আ স ম জাহাংগীর চৌধুরী ও কলেজের ডেন্টিস্ট্রি বিভাগের শিক্ষক গণপতি বিশ্বাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মনজুরুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে এই আদেশ গত মঙ্গলবার জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ফরিদপুর মেডিকেল কলেজের ১৬৬টি যন্ত্রপাতি উন্নয়ন প্রকল্প প্রস্তাবনার (ডিপিপির) দামের চেয়ে বেশি দামে ক্রয়/সংগ্রহ করার ক্ষেত্রে পিপিএ, ২০০৬ ও পিপিআর, ২০০৮ লঙ্ঘিত হয়েছে এবং এতে চরম আর্থিক অনিয়ম হয়েছে। তদন্তে অনিয়ম প্রমাণিত হওয়ায় অধ্যক্ষ আ স ম জাহাংগীর চৌধুরী ও সহযোগী অধ্যাপক, ডেন্টিস্ট্রি গণপতি বিশ্বাসকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
২০১২-১৩ অর্থবছরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করার জন্য প্রায় ৪৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সুপার আবুল কালাম আজাদ বলেন, ওই সময় আ স ম জাহাংগীর চৌধুরী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করার প্রকল্প পরিচালক (পিডি) ও গণপতি বিশ্বাস ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার হিসেবে কর্মরত ছিলেন।
অভিযোগ প্রসঙ্গে জাহাংগীর চৌধুরী বলেন, ‘মেডিকেল কলেজের যন্ত্রপাতি ক্রয়ের ব্যাপারে জ্ঞানত কোনো দুর্নীতি করিনি।’ কলেজের ডেন্টিস্ট্রি বিভাগের সহযোগী অধ্যাপক গণপতি বিশ্বাস বলেন, ‘আমি এমন কোনো কাজ করিনি, যার জন্য আমার বিরুদ্ধে এ-জাতীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।’