দায়িত্বে অবহেলার অভিযোগে চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল লতিফসহ এইচএসসি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট আরও চারজন শিক্ষককে পরীক্ষার গত শনিবার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অব্যাহতি পাওয়া শিক্ষকেরা হলেন পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য প্রভাষক তাহাজ্জত আলী, নাসির উদ্দিন, রউফিকা নুরী ও সাহিদা খাতুন। এঁদের মধ্যে তাহাজ্জত আলী ও নাসির উদ্দিন জেলা হিসাবরক্ষণ কার্যালয় থেকে প্রশ্নপত্র আনা-নেওয়া করেন।
এ ঘটনায় চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিক সাঈদ মাহবুবকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রথম আলোর অনুসন্ধানে জানা গেছে, গত বৃহস্পতিবার এইচএসসি পৌরনীতি প্রথম পত্রের পরীক্ষা গ্রহণের সময় চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীদের মাঝে একই বিষয়ের দ্বিতীয় পত্রের (বহু নির্বাচনী অভীক্ষা) প্রশ্নপত্র বিলি করা হয়। পরীক্ষার্থীরা উত্তরপত্র লেখার সময় তা খেয়াল করেন এবং কক্ষ পরিদর্শককে ফেরত দেন। পরীক্ষার্থীদের কেউ কেউ প্রশ্নপত্র সরিয়ে ফেলে। পরীক্ষা গ্রহণের দায়িত্বে থাকা শিক্ষকেরা তাৎক্ষণিকভাবে বিষয়টিকে গুরুত্ব না দিলেও পরে তা ফাঁস হয়ে যায়। শুক্রবার রাতে ফটোকপি করে ওই প্রশ্নপত্র পরীক্ষার্থীদের হাতে হাতে ছড়িয়ে পড়ে।