অধ্যক্ষ ও ছয় শিক্ষকের বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ রেজাউল করিম ও ছয়জন শিক্ষকের বিরুদ্ধে সদর থানায় মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিধিবহির্ভূতভাবে ৮৮ জন শিক্ষার্থী ভর্তি করে অর্থ আত্মসাতের অভিযোগে গত ২৯ সেপ্টেম্বর দুদক প্রধান কার্যালয়ের সাবেক উপপরিচালক (বর্তমানে ফরিদপুরে কর্মরত) মলয় কুমার সাহা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।মামলার অন্য আসামিরা হলেন: ভর্তি কমিটির সদস্য আশাদুল ইসলাম, আবদুর রশীদ, শহীদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, বৃন্দাবন সরকার ও রহমত আলী খান। তাঁদের মধ্যে শহীদুল ইসলাম বর্তমানে রংপুর সরকারি কলেজে ও রহমত আলী খান উপসচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মরত আছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ২০১০-২০১১ শিক্ষাবর্ষে গাইবান্ধা সরকারি কলেজে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে এক হাজার ৬২৬ জন শিক্ষার্থী ভর্তির অনুমোদন দেয়। ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করার জন্য রহমত আলী খানকে আহ্বায়ক করে ছয় সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটি প্রথম মেধাক্রম থেকে এক হাজার ২৮ জন শিক্ষার্থী ভর্তি করে। পরে বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ও তৃতীয় মেধাক্রম প্রেরণ করলে ৪৯৬ জন শিক্ষার্থী ভর্তির পর মানবিক ও বাণিজ্য বিভাগে ১০২টি আসন শূন্য থাকে। কিন্তু ভর্তি কমিটি অধ্যক্ষের সঙ্গে যোগসাজশে ১০২টি শূন্য আসনের বিপরীতে ১৯০ জন শিক্ষার্থীকে বিভিন্ন বিষয়ে ভর্তি করে। পরে নিবন্ধনের জন্য শিক্ষার্থীদের নামের তালিকা বিশ্ববিদ্যালয়ে পাঠালে অতিরিক্ত ৮৮ জন শিক্ষার্থী ভর্তির বিষয়টি ধরা পড়ে। এ নিয়ে অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিশ্ববিদ্যালয়। অধ্যক্ষ সন্তোষজনক জবাব দিতে না পারায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অতিরিক্ত ৮৮ জন শিক্ষার্থীর নিবন্ধন দেওয়া হবে না মর্মে গত ৮ জুলাই লিখিতভাবে জানিয়ে দেয়। এ বিষয়ে দুদক প্রাথমিকভাবে তদন্ত করে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির সময় অধ্যক্ষ ও ভর্তি কমিটির ছয়জন সদস্য অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে আর্থিকভাবে লাভবান হয়েছেন বলে সত্যতা পায়। পরে দুদকের উপপরিচালক মামলাটি করেন।গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চন্দ্র চক্রবর্ত্তী বলেন, দুদকের একজন কর্মকর্তা মামলাটির তদন্ত করবেন। সদ্য বদলি হওয়া (সাতক্ষীরা সরকারি কলেজে) অধ্যক্ষ রেজাউল করিম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘মামলা দায়েরের কথা শুনেছি। কিন্তু অর্থ আত্মসাতের অভিযোগ সঠিক নয়। শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের চাপে নিয়মের মধ্যে থেকেই ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। অথচ একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে দুদককে দিয়ে এই মামলা দায়ের করার ব্যবস্থা করেছে।’