অধ্যক্ষ ও তাঁর ছেলের বিরুদ্ধে নানা অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের জালেশ্বর এলাকার রাবেয়া মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিয়ম, নিম্নমানের খাবার পরিবেশন ও শিক্ষার্থীদের মারধরের অভিযোগ পাওয়া গেছে৷
গত শুক্রবার প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রথম আলোর সাভার কার্যালয়ে এসে স্কুলের অধ্যক্ষ জসিম উদ্দিন ও তাঁর ছেলে শেপাজ বিন জসিমের বিরুদ্ধে নানা অভিযোগ দেন৷ নাম প্রকাশে অনিচ্ছুক ওই শিক্ষার্থীরা বলেন, হোস্টেলে ৬০ জন শিক্ষার্থীর কাছ থেকে খাওয়া বাবদ প্রতি মাসে আড়াই হাজার টাকা এবং হোস্টেল ভাড়া বাবদ এক হাজার টাকা নেওয়া হয়৷ কিন্তু প্রতিদিন সকালে তাঁদের ডালের সঙ্গে এক-দুটি রুটি, দুপুরে প্রায় প্রতিদিনই ভাত, অর্ধেক ডিম ও ডাল দেওয়া হয়৷ মাঝেমধ্যে দুপুরে মাছ দেওয়া হলেও অধিকাংশ সময়ই তা থাকে পচা৷ রাতে ভাতের সঙ্গে দেওয়া হয় আলুভর্তা ও ডাল৷
শিক্ষার্থীরা আরও বলেন, প্রতি রাতেই হোস্টেলের দায়িত্বে থাকা অধ্যক্ষের ছেলে জসিম নানা ভয়ভীতি দেখিয়ে তাঁদের কাছ থেকে সিগারেট, নেশাজাতীয় বড়ি ও পানীয় দোকান থেকে কিনে দিতে বলেন৷ কোনো শিক্ষার্থী এসব দিতে অপারগতা প্রকাশ করলে বা প্রতিবাদ করলে তাঁকে মারধর করা হয়৷ তাঁদের ভয়ভীতি দেখাতে মাঝেমধ্যে পুলিশও হোস্টেলে হানা দেয়৷ ১৮ জুন জসিম সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সজিবুর রহমানকে হোস্টেলে ডেকে নিয়ে তাঁদের বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখান৷
গতকাল বুধবার ওই হোস্টেলে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটির ছয় তলা ভবনের নিচ তলা ও দ্বিতীয় তলায় হাসপাতাল, তিন তলায় মেয়েদের হোস্টেল, চার তলায় প্রথম বর্ষের ছেলেদের হোস্টেল এবং অধ্যক্ষের বাসা, পাঁচ তলায় শ্রেণিকক্ষ৷ ছয় তলা পরিত্যক্ত অবস্থায় রয়েছে৷ মূল ভবনের পাশে দ্বিতীয় থেকে চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য রয়েছে টিনের ছাউনি দেওয়া আধা পাকা হোস্টেল ভবন৷ বৃষ্টি এলেই সেখানে পানি পড়ে৷ আধা পাকা হোস্টেলের ১৭টি কক্ষে ৬০ জন শিক্ষার্থী থাকছেন৷ হোস্টেলের এক কোনায় তাঁদের জন্য রয়েছে ছোট একটি রান্নাঘর৷ নোংরা পরিবেশে সেখানেই রান্না হয়৷ ১০০ বর্গফুটের আধা পাকা প্রতিটি ঘরে তিনজন করে ছাত্র থাকেন৷
দ্বিতীয় ও তৃতীয় বর্ষের দুই শিক্ষার্থীসহ প্রথম বর্ষের কয়েকজন শিক্ষার্থী বলেন, কাগজ-কলমে বেিশ দেখানো হলেও বাস্তবে অধ্যক্ষসহ দুজন শিক্ষক তাঁদের পাঠদান করেন৷ তা ছাড়া নিযমিত ক্লাসও নেওয়া হয় না৷ এসবের প্রতিবাদ করলে অধ্যক্ষ স্কুল থেকে বের করে দেওয়াসহ পরীক্ষায় ফেল করানোর হুমকি দেন৷
এসঅাই সজিবুর রহমান বলেন, কর্তৃপক্ষের কাছ থেকে মৌখিক অভিযোগ পেয়ে ১৮ জুন তিনি ওই স্কুলে৷ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ব্যাপারে তাঁর কাছে বিভিন্ন অভিযোগ করে৷ সেখানের শিক্ষার্থীরাও তাঁর কাছে কর্তৃপক্ষের নানা অনিয়ম ও নির্যাতনের বিষয়ে জানান৷
অধ্যক্ষ জসিম উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর ছেলে হোস্টেলের দেখভালের দায়িত্ব পালন করেন৷ এ কারণে শিক্ষার্থীদের সামান্য শাসন করা হয়৷ এসব নিয়ে উভয়পক্ষের মধ্যে কিছুটা ভুল-বোঝাবুঝি হয়েছিল৷ তবে সব মিটিয়ে ফেলা হয়েছে৷
জসিমের সঙ্গে অভিযোগের বিষয়ে প্রতিবেদকের কথা হওয়ার পর গত মঙ্গলবার বিকেলে তিনি বিভিন্ন বর্ষের কয়েকজন শিক্ষার্থীকে কার্যালয়ে ডেকে নিয়ে গালিগালাজ ও পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷