অধ্যক্ষ ও দুই ভুয়া পরীক্ষার্থীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলায় অবৈধভাবে পরীক্ষায় অংশ নেওয়ার অভিযোগে দুই ভুয়া পরীক্ষার্থীকে পুলিশ আটক করেছে। তাঁদের সহযোগিতা করার অভিযোগে প্রতিষ্ঠানের অধ্যক্ষকেও আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের তিন মাস করে কারাদণ্ড দেন।এরাহলেন বালানগর কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের অধ্যক্ষ আবু আল হেলাল মো. ফিরোজ (৩৭), ছাত্র শহিদুল ইসলাম (২২) ও মামুনুর রশিদ (২৩)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীন কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা চলছিল। বুধবার ছিল মনোবিজ্ঞান বিষয়ের পরীক্ষা। সকালে ভবানীগঞ্জ হাইস্কুল পরীক্ষাকেন্দ্রে প্রতিষ্ঠানের ছয় পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষা শুরু হলে পরীক্ষার্থী শহিদুল ইসলাম ও মামুনুর রশিদকে কক্ষপরিদর্শক চ্যালেঞ্জ করেন। চাপের মুখে তাঁরা স্বীকার করেন, তাঁরা প্রতিষ্ঠানের অপর দুই পরীক্ষার্থী আতাউর রহমান ও জহুরুল ইসলামের পরিবর্তে পরীক্ষা দিচ্ছেন। পরে বাগমারার ইউএনও আবু ইউসুফ মো. রেজাউর রহমান কেন্দ্রেই ভ্রাম্যমাণ আদালত বসান। আদালতের কাছে দোষ স্বীকায় ওই দুই ছাত্রের তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়। তবে তাঁদের এ কাজে সহযোগিতার অভিযোগে অধ্যক্ষকে তিন মাসের কারাদণ্ড ছাড়াও অতিরিক্ত ১০ হাজার টাকার জরিমানা করা হয়।বাগমারা থানার ওসি ইসমাইল হোসেন বলেন, গতকাল সকালে তিনজনকেই রাজশাহী কারাগারে পাঠানো হয়েছে।