অধ্যক্ষ ও ভারপ্রাপ্তের মধ্যে হাতাহাতি, কক্ষে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া হামিদা পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুল আলমের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠান ও উপজেলা প্রশাসনের কাছে জানা যায়, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছবি অবমাননার অভিযোগে সিরাজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করে পরিচালনা পর্ষদ। এরপর ওই প্রতিষ্ঠানের দর্শন বিভাগের প্রভাষক ও উল্লাপাড়া উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মাহবুবুল আলমকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়। পরে বিষয়টি নিয়ে আদালতে মামলা করলে সিরাজুল তাঁর পক্ষে রায় পান। এর পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে এক সভায় সিরাজুলকে প্রতিষ্ঠানে যোগদানের সিদ্ধান্ত দেয় পরিচালনা কমিটি। ওই সিদ্ধান্ত অনুযায়ী তিনি গত রোববার প্রতিষ্ঠানে স্বপদে যোগ দেন।
এ ঘটনার পর সোমবার সকালে মাহবুবুল গিয়ে অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেন। সিরাজুল কলেজে গিয়ে তালা দেখে স্থানীয় সাংসদসহ লোকজনকে ডেকে আনেন। পরে তাঁদের উপস্থিতিতে তালা ভেঙে অধ্যক্ষের কক্ষে ঢোকেন। এর পরই মাহবুবুল তাঁর লোকজন নিয়ে কলেজে ঢোকেন। পরে সাংসদের উপস্থিতিতে তাঁদের মধ্যে হাতাহাতি হয়। বিষয়টি জানার পর ইউএনও ও থানার ওসি ঘটনাস্থলে উপস্থিত হন। উপস্থিত সবার সঙ্গে আলোচনা করে অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়। বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ তালা ঝুলবে।
সিরাজুল ইসলাম অভিযোগ করেন, ‘নিয়ম অনুযায়ী কলেজ পরিচালনা কমিটির সভাপতির কাছ থেকে আদেশ নিয়ে পুনরায় যোগদান করি। আমি যাতে কলেজে ঢুকতে না পারি সে জন্য অধ্যক্ষের কক্ষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ তালা ঝুলিয়ে দন। পরে সাংসদের উপস্থিতিতে তালা ভেঙে ঢোকার সময় ওই হাতাহাতির ঘটনা ঘটে।’
মাহবুবুল আলম বলেন, ‘সিরাজুল ইসলামের নিয়োগই অবৈধ ছিল। আমি দায়িত্বে থাকা অবস্থায় ওই দিন অবৈধভাবে কক্ষে ঢুকে তিনি চেয়ারে বসেছিলেন। বিষয়টি জানার পর আমি তালা লাগিয়েছিলাম।’ মাহবুবুল নিজেকে অধ্যক্ষ হিসেবে দাবি করেছেন।