অধ্যক্ষ ও শিক্ষকদের মাসিক বেতন ১৮০ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যক্ষ ও শিক্ষকদের মাসিক বেতন ১৭৯ টাকা ৮০ পয়সা। সেই বেতন আবার প্রতি মাসে নয়, পান বছর শেষে। এই বেতনেই ১০ বছর ধরে চাকরি করছেন রাজশাহীর স্বর্ণমন্দির সংস্কৃত কলেজের অধ্যক্ষ ও শিক্ষকেরা।
সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, সারা দেশে ১২৯টি সংস্কৃত ও ৯৩টি পালি কলেজ রয়েছে। এসব কলেজে একজন অধ্যক্ষ, দুজন শিক্ষক ও একজন করে চতুর্থ শ্রেণির কর্মচারী থাকেন। অধ্যক্ষ ও শিক্ষকেরা একই পরিমাণ বেতন পান। আর কর্মচারীদের মাসিক বেতন ৫০ টাকা। এসব কলেজে ১৯৭৮ সালের বেতনকাঠামো হিসাবে বেতন দেওয়া হয়।
স্বর্ণমন্দির সংস্কৃত কলেজ সূত্রে জানা গেছে, রাজশাহী নগরের কুমারপাড়ায় ২০০২ সালের ১১ জানুয়ারি ব্যক্তিগত উদ্যোগে এই এলাকার বাসিন্দা বুলবুল রানী ঘোষ একটি বাড়ির দুটি কক্ষ ভাড়া নেন। পরে সেখানে এই কলেজ চালু করে তিনি এর অধ্যক্ষ হন।
এ ছাড়া তিনি আরও দুজন শিক্ষক ও একজন চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ দেন। পরে ২০০৪ সালের ১৬ ফেব্রুয়ারি ‘সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড’ ঢাকা থেকে একটি পরিদর্শন দল এ কলেজ পরিদর্শনে আসে। পরিদর্শন দলে ছিলেন সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ডের উপসচিব আনন্দ চন্দ্র, প্রশাসনিক কর্মকর্তা অসীম কুমার ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত কর্মকর্তা সুনীল চন্দ্র মিস্ত্রী।
এরপর একই বছরের ১৫ আগস্ট এই কলেজটি সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ডের স্বীকৃতি লাভ করে। এ কলেজের একজন অধ্যক্ষ ও শিক্ষকদের জন্য মাসে ১১৫ টাকা ও একজন কর্মচারীর ৫০ টাকা বেতন চালু হয়।
সেই সময় মূল বেতনের সঙ্গে শতকরা ৩০ টাকা মহার্ঘ ভাতা ছিল। শিক্ষা মন্ত্রণালয়ের থোক বরাদ্দ থেকে প্রতিবছর জুন মাসে শিক্ষক ও কর্মচারীদের সব বেতন একসঙ্গে দেওয়া হয়। তবে গত জুলাই মাস থেকে মহার্ঘ ভাতা ৩০ থেকে শতকরা ৫৬ টাকা করা হয়েছে।
অধ্যক্ষ বুলবুল রানী ঘোষ জানান, এসএসসি পাসের পর তিন বছরের ডিপ্লোমা কোর্সের জন্য এখানে শিক্ষার্থীরা ভর্তি হয়। এখানে কাব্যতীর্থ, ব্যাকারণতীর্থ, আয়ুর্বেদতীর্থ, পুরাণ, জ্যোতিঃশাস্ত্র, স্মৃতি, বেদ ও বেদান্ত বিষয় পড়ানো হয়। এই কলেজ থেকে পাস করে শিক্ষার্থীরা মাধ্যমিক বিদ্যালয়ে হিন্দুধর্মের শিক্ষক হওয়ার যোগ্যতা অর্জন করেন। কাব্যতীর্থ বা ব্যাকরণতীর্থের সনদ থাকলেই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়া যায়। তবে বেদ, বেদান্ত, স্মৃতি ইত্যাদি বিষয় পড়া থাকলে তাঁদের অগ্রাধিকার দেওয়া হয়। পুরাণ বিষয়ে পাস করলে তাঁরা সনদধারী বিয়ে নিবন্ধক হতে পারেন। জ্যোতিঃশাস্ত্রে পাস করলে সনদধারী জ্যোতির্বিদ হতে পারেন।
বুলবুল রানী ঘোষ আরও জানান, সামান্য বেতন পাওয়ায় জীবিকার জন্য শিক্ষকেরা সবাই অন্য পেশায় নিয়োজিত রয়েছেন। খণ্ডকালীন পেশা হিসেবে এই কলেজের সঙ্গে তাঁরা যুক্ত। তাঁদের সময়োপযোগী বেতন স্কেল দেওয়ার ব্যাপারে আন্দোলন হচ্ছে। শিক্ষানীতিতে তাঁদের বিষয়টি রয়েছে। তাঁরা বেতন স্কেল পরিবর্তনের ব্যাপারে আশাবাদী।
সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ডের সহকারী সচিব অসীম চৌধুরী জানান, ১৯৭৮-৭৯ সালের পে-স্কেল অনুযায়ী এই কলেজের শিক্ষকদের বেতন দেওয়া হয়। পরে অন্য স্কুল ও কলেজের বেতন স্কেল পরিবর্তন হলেও দুর্ভাগ্যজনকভাবে এই কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতন স্কেল পরিবর্তন হয়নি। এখন প্রতিবছর ১৫ লাখ ৬০ হাজার টাকার থোক বরাদ্দ থেকে তাঁদের বেতন দেওয়া হয়।