অধ্যক্ষ ও সভাপতিকে অপসারণের দাবি
অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে দিনাজপুর সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের রানীপুর নূরুল হুদা আলিম মাদ্রাসায় তিনজন শিক্ষক নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনার প্রতিবাদে গতকাল শনিবার বেলা ১১টার দিকে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছেন। এ সময় তাঁরা মাদ্রাসার অধ্যক্ষ ও পরিচালনা কমিটির সভাপতির বিচারের পাশাপাশি তাঁদের অপসারণের দাবি করেন।
মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও ফাজিলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোমিনুল ইসলাম ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য মো. শামসুল আবেদীন জানান, মাদ্রাসার অধ্যক্ষ নূরুল ইসলাম ও সভাপতি আবদুল হামিদ শাহ্ যোগসাজশ করে ২১ লাখ টাকার বিনিময়ে তিনজনকে শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছেন। অধ্যক্ষ ও সভাপতি মাদ্রাসার সম্পত্তির আয়ের সব টাকা আত্মসাৎ করেছেন। কমিটির দুজন সদস্যের স্বাক্ষর জাল করে কার্যবিবরণী খাতা তৈরি করেছেন। এই অপকর্মের ঘটনা জানতে পেরে গ্রামের সাধারণ মানুষ প্রতিবাদ মিছিল করে তাঁদের বিচার ও অপসারণের দাবি করেন।
এ ব্যাপারে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আবদুল হামিদ শাহ্ বলেন, ‘একটি মহল নিজেদের স্বার্থ হাসিল করতে আমাদের বিরুদ্ধে এ ধরনের মিথ্যাচারে লিপ্ত হয়েছে।’ শিক্ষক নিয়োগে কোনো অনিয়ম বা কারও স্বাক্ষর জাল করা হয়নি বলে তিনি দাবি করেন।
মাদ্রাসার শিক্ষক আবদুস সাত্তার বলেন, ‘মাদ্রাসায় তিনজন নতুন শিক্ষক নিয়োগ দেওয়ার সময় কর্তৃপক্ষ অনুদান (ডোনেশন) নিয়েছে বলে শুনেছি। তবে তাঁদের কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে তা জানি না। নিয়োগ-প্রক্রিয়ার কাগজপত্র ও কার্যবিবরণী খাতায় আমার স্বাক্ষরটিও জাল করা হয়েছে।’
স্থানীয় বাসিন্দা মোজাফ্ফর হোসেন জানান, মাদ্রাসায় বিদ্যুৎ-সংযোগ নেই, অথচ কম্পিউটার শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী, কোনো বিদ্যালয় কিংবা মাদ্রাসায় কম্পিউটার শিক্ষক নিয়োগ দেওয়ার আগে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে।