আদেশের জন্য আপিল আজকের কার্যতালিকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপাল কৃষ্ণ
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের নাজিরহাট কলেজের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী হত্যা মামলায় তিন আসামির আপিল আদেশের জন্য আজ বৃহস্পতিবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন তিন সদস্যের ভার্চ্যুয়াল আপিল বেঞ্চের কার্যতালিকায় রয়েছে।

গতকাল বুধবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, ‘আলমগীর কবির বনাম রাষ্ট্র’ শিরোনামে আদেশের জন্য আপিলগুলো বৃহস্পতিবারের কার্যতালিকার ১ নম্বর ক্রমিকে রয়েছে।

প্রায় দুই দশক আগে চট্টগ্রামের জামাল খান রোডে অধ্যক্ষ মুহুরীর বাসায় ঢুকে অস্ত্রধারী দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে। এই মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে এক আসামির আপিল ও দুই আসামির জেল আপিলের ওপর ৬ অক্টোবর রায় দেন আপিল বিভাগ।

রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামির সাজা সংশোধন করে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। তিন আসামি হলেন আলমগীর কবির, তসলিম উদ্দিন মন্টু ও মো. আজম।

মামলায় রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত। রায় ঘোষণার পর আবার আপিল কার্যতালিকায় আসা প্রশ্নে তিনি বলেন, তিন আসামির সাজা পরিবর্তিত হয়েছে। দণ্ডবিধির ৩০২ ধারা অনুযায়ী যাবজ্জীবন সাজার পাশাপাশি জরিমানা আরোপের সুযোগ আছে। এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। তিন আসামির আপিল আদেশের জন্য বৃহস্পতিবারের কার্যতালিকায় রয়েছে। ২০০১ সালের ১৬ নভেম্বরে অধ্যক্ষ মুহুরীকে হত্যার ঘটনায় তাঁর স্ত্রী উমা মুহুরী হত্যা মামলা করেন।