অধ্যক্ষ ছাড়া পেয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আটক হওয়ার ২৪ ঘণ্টা পর গতকাল মঙ্গলবার ছাড়া পেলেন সাভারের মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা কলেজের অধ্যক্ষ আতাহার উদ্দিন (৫৮)। ওই কলেজেরই প্রথম বর্ষের এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে আতাহার উদ্দিনকে আটক করা হয়েছিল।
সাভার মডেল থানার পুলিশ জানায়, গতকাল সকালে ওই কলেজছাত্রী ও তাঁর মা থানায় উপস্থিত হয়ে অভিযোগ প্রত্যাহার করবেন বলে জানান। অভিযোগ প্রত্যাহারের জন্য লিখিত বক্তব্যে তাঁরা নিছক ভুল-বোঝাবুঝি থেকে বিষয়টির উৎপত্তি হয় বলে উল্লেখ করেন। গত সোমবার সকাল ১০টায় মেয়েটির লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে অধ্যক্ষ আতাহার উদ্দিনকে আটক করা হয়েছিল।
জানতে চাইলে মেয়েটি সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি। তাঁর মা-ও বিষয়টি এড়িয়ে যান।
ছাড়া পাওয়ার পর আতাহার উদ্দিন বলেন, ‘সত্যের জয় হয়েছে। অপরাধ করলে অবশ্যই সাজা পেতাম।’
সাভার মডেল থানার ওসি মোতালেব হোসেন মিয়া বলেন, স্থানীয় কয়েকজন নেতা, মেয়েটি ও তাঁর মা থানায় উপস্থিত হয়ে মামলা পরিচালনায় অপারগতা প্রকাশ করেন। তাঁদের মামলা প্রত্যাহারের আবেদনের পরিপ্রেক্ষিতে আতাহার উদ্দিনকে ছেড়ে দেওয়া হয়।
সোমবার সকালে অধ্যক্ষ আতাহার উদ্দিন ও মেয়েটি বাসের একই আসনে বসে সাভার আসছিলেন। আলাপচারিতার একপর্যায়ে মেয়েটি তাঁর বেতন মওকুফ ও বৃত্তি প্রদানের অনুরোধ জানালে অধ্যক্ষ তাঁর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ ওঠে। এ সময় ওই বাসে থাকা এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্র ও মেয়েটির বন্ধু অন্যদের সহায়তায় অধ্যক্ষকে সাভার মডেল থানার পুলিশে সোপর্দ করেন। তবে বাসে থাকা অন্য যাত্রীরা ওই মেয়ে ও তাঁর বন্ধুর অভিযোগ মিথ্যা বলে দাবি করেন।
পুলিশের একাধিক কর্মকর্তা বলেন, অধ্যক্ষের পদ নিয়ে কলেজটিতে শিক্ষক ও পরিচালনা পর্ষদের মধ্যে বিভক্তি রয়েছে। ওই বিরোধের জের ধরেও আতাহার উদ্দিনকে ফাঁসানোর চেষ্টা করা হয়ে থাকতে পারে।
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আবদুল গণি বলেন, কলেজের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। মেয়েটির অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে তাঁকে কলেজ থেকে বহিষ্কার করা হবে।