সুনামগঞ্জের দিরাই ডিগ্রি কলেজ গত চার বছর ধরেই চলছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে। তাঁকে নিয়োগদানের পর থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানটিতে নানামুখী দ্বন্দ্ব লেগে রয়েছে।
আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার ঘনিষ্ঠজন হওয়ায় কেউ তাঁকে সরিয়ে অধ্যক্ষ নিয়োগের উদ্যোগ নিতে সাহস পাচ্ছেন না বলে জানা গেছে।
দিরাই ডিগ্রি কলেজ সূত্রে জানা গেছে, এটি ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আবদুল হান্নান চৌধুরী ২০০৯ সালের ডিসেম্বরে অবসরে যান। এরপর থেকে উপাধ্যক্ষ মিহির রঞ্জন দাস ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।
কলেজের একাধিক শিক্ষক ও কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, আগের অধ্যক্ষের ৩০ বছরের মেয়াদকালে একবারও ক্যাম্পাসে পুলিশ ডাকতে হয়নি।
অথচ ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে মিহির রঞ্জন দায়িত্ব নেওয়ার পর গত সাড়ে তিন বছরে তিনি ক্যাম্পাসে কমপক্ষে দুই থেকে তিনবার পুলিশ এনেছেন।
এমনকি তিনি শিক্ষকদের বিরুদ্ধে মামলা করতেও থানায় গেছেন। তিনি আওয়ামী লীগ নেতার লোক হওয়ায় কেউ প্রকাশ্যে কিছু বলে না।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রথম বর্ষের এক শিক্ষার্থী বলে, ‘কলেজে আমাদের সামনে প্রায়ই প্রিন্সিপাল স্যারের সঙ্গে অন্য স্যাররা বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন। তাঁরা গালাগালিতে লিপ্ত হন।’
নাম প্রকাশ না করার শর্তে কলেজের একজন জ্যেষ্ঠ শিক্ষক বলেন, ‘অধ্যক্ষ হওয়ার সব যোগ্যতা থাকা সত্ত্বেও শুধু সুরঞ্জিত সেনগুপ্তের ঘনিষ্ঠজন না হওয়ায় আমি অধ্যক্ষ হতে পারলাম না। সম্প্রতি কলেজে তিনজন শিক্ষক নিয়োগ দেওয়া হলেও অধ্যক্ষ নিয়োগ হয়নি।’
মুখলেছুর রহমান পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য। তিনি বলেন, ‘কলেজের পরিচালনা পর্ষদের অধিকাংশ বৈঠক ডাকা হয় একটি রাজনৈতিক দলের কার্যালয়ে। আমরা সেখানে যেতেই পারি না। আমাদের নামমাত্র কমিটিতে রাখা হয়েছে।’
বিভিন্ন অভিযোগ অস্বীকার করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, ‘আমি ছয়বার পত্রিকায় অধ্যক্ষ নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছি। কিন্তু নানা আইনি জটিলতায় পাঁচবারই নিয়োগ দেওয়া যায়নি।’
তিনজন শিক্ষক নিয়োগ দেওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অধ্যক্ষ পদে ওই সময় মাত্র দুটি আবেদন জমা পড়ে। বিধি অনুযায়ী ওইবারও নিয়োগ-প্রক্রিয়া বাতিল হয়ে যায়।’