অধ্যক্ষ নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালন
ভোলার চরফ্যাশনে গতকাল বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো আওয়ামী লীগ নেতা ও সাবেক সাংসদ অধ্যক্ষ নজরুল ইসলামের ২৩তম মৃত্যুবার্ষিকী। কর্মসূচির মধ্যে ছিল শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিতরণ।
অধ্যক্ষ নজরুল ইসলাম পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের বাবা।
গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম, মিলাদ মাহফিল ও খাদ্য বিতরণের কর্মসূচি ছিল। একই সঙ্গে গতকাল বেলা ১১টার দিকে ভোলার চরফ্যাশন মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করে অধ্যক্ষ নজরুল ইসলাম ফাউন্ডেশন। অনুষ্ঠানে চরফ্যাশন ও মনপুরার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই, শিক্ষাবৃত্তি, ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম।
অধ্যক্ষ নজরুল ইসলাম ফাউন্ডেশনের মহাসচিব হুমায়ুন কবির বলেন, শিক্ষার্থীদের হাতে বঙ্গবন্ধুর আত্মজীবনী তুলে দেওয়াতে তৃণমূল পর্যায়ে শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর ঐতিহাসিক জীবন সম্পর্কে জানতে পারবে। এই উদ্যোগ এলাকায় ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করেছে।
মনপুরা উপজেলার শিক্ষার্থী মো. তাজউদ্দিন বলে, ‘বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক বই এবং বৃত্তি ও সম্মাননা সনদ পেয়ে আমরা খুব আনন্দিত।’ বিজ্ঞপ্তি।