অধ্যক্ষ নিয়োগ নিয়ে জটিলতায় ২৩ কর্মচারীর বেতন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিয়োগ নিয়ে জটিলতার কারণে গত এপ্রিল মাসের বেতন পাননি প্রতিষ্ঠানটির ২৩ জন কর্মচারী। এতে বিপাকে পড়েছেন তাঁরা।
কলেজের কয়েকজন শিক্ষক ও কর্মচারী সূত্রে জানা যায়, ৩০ মার্চ কলেজের অধ্যক্ষ আবদুল ওয়াহাব চৌধুরী বদলি হয়ে চলে যাওয়ার আগে জ্যেষ্ঠতা না মেনে নিজের একক সিদ্ধান্তে সুলতান আহমেদ নামের একজন সহযোগী অধ্যাপককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দিয়ে যান। পরে বিষয়টি জানাজানি হলে অনেক শিক্ষক তা মেনে নেননি। এ সময় কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল মতিন ভূঁইয়া জ্যেষ্ঠতার বিচারে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ করা হয়নি জানিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে অধিদপ্তর আবদুল মতিন ভূঁইয়াকে নিজের দাবির পক্ষে কাগজপত্র উপস্থাপন করার নির্দেশ দেয়। ১২ মে তিনি প্রয়োজনীয় কাগজপত্র অধিদপ্তরের মহাপরিচালক বরাবর জমা দেন।
এদিকে সুলতান আহমেদকে অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় থেকে আর্থিক ক্ষমতা না দেওয়ায় তৃতীয় ও চতুর্থ শ্রেণির ২৩ জন কর্মচারীর বেতন বন্ধ আছে। এখনো তাঁরা এপ্রিলের বেতন পাননি।
নাম প্রকাশ না করার শর্তে কলেজের দুজন কর্মচারী বলেন, বেতন না পাওয়ায় তাঁরা বিপাকে পড়েছেন। এ বিষয়ে কথা বলতে কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল ওয়াহাব চৌধুরীর মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুলতান আহমেদ বলেন, ‘বিষয়টি সম্পূর্ণভাবে মহাপরিচালকের কার্যালয়ের। নিয়মমতো অন্য কেউ ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলে আমার কোনো আপত্তি নেই।’
আবদুল মতিন ভূঁইয়া বলেন, ‘অধিদপ্তরের নির্দেশে আমি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছি। বাকিটা অধিদপ্তরের সিদ্ধান্ত।’