নাটোরের বড়াইগ্রাম উপজেলার ইসলামপুর-গুনাইহাটি ফাজিল মাদ্রাসার সভাপতিসহ ১৯ জনের বিরুদ্ধে গত মঙ্গলবার আদালতে মামলা হয়েছে। দুর্নীতির কারণে অধ্যক্ষ পদে নিয়োগ পরীক্ষা দিতে না পারা দুজন প্রার্থী এ মামলা করেন।
বড়াইগ্রাম সহকারী জজ আদালত সূত্র জানায়, মাদ্রাসাটির অধ্যক্ষ পদের নিয়োগ পরীক্ষায় যথাযথভাবে আবেদন করার পরও মৌখিক পরীক্ষায় না ডাকায় প্রার্থী নজরুল ইসলাম ও আবুল হোসাইন মামলাটি করেন। এতে মাদ্রাসার সভাপতি রেজাউল করিম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি রুহুল কুদ্দুস মোহাম্মদ সালেহসহ ১৯ জনকে আসামি করা হয়েছে।
মামলার আরজিতে উল্লেখ করা হয়, গত শনিবার নাটোর এনএস সরকারি কলেজে মাদ্রাসার অধ্যক্ষ পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পদের জন্য পাঁচজন প্রার্থী থাকা সত্ত্বেও নিয়োগ বোর্ডে প্রার্থীদের মধ্যে সভাপতির ভাতিজির স্বামী ওসমান গণি ও সভাপতি-সমর্থিত অন্য দুই প্রার্থীকে ডাকা হয়। কিন্তু অপর দুই প্রার্থী নজরুল ইসলাম ও আবুল হোসাইনকে ডাকা হয়নি। শেষ পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতির ভাতিজি জামাই ওসমানকে নির্বাচিত করে অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়।
আদালত মামলাটি গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছেন বলে বাদী পক্ষের আইনজীবী আবু আহসান জানান।
এ ব্যাপারে সভাপতি রেজাউল করিম বলেন, মামলা দায়েরের বিষয়ে তিনি কিছুই জানেন না। ওই প্রার্থীদের না ডাকার কারণ নিয়োগ বোর্ড ভালো বলতে পারবে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা শামসুল ইসলাম ফারুকী বলেন, লোকমুখে তিনি মামলা দায়েরের কথা শুনেছেন। তবে এ ব্যাপারে গতকাল বুধবার পর্যন্ত তিনি আদালতের কোনো কাগজপত্র পাননি।