অধ্যক্ষ নিয়োগের উদ্যোগের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিধি লঙ্ঘন করে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগের উদ্যোগের বিরুদ্ধে পরিচালনা পর্ষদের সভাপতি সাংসদ গোলাম রাব্বানীসহ নিয়োগ কমিটির ছয়জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। শিবগঞ্জের জ্যেষ্ঠ সহকারী জজ বেগম নাদিরা সুলতানা গত রোববার এ আদেশ দেন।

কলেজের নির্বাচিত অভিভাবক প্রতিনিধি মো. মফিজ উদ্দীন আদালতে গত ১৫ মে মামলা করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত বছরের ১৬ জুন কলেজটিতে অধ্যক্ষের পদ শূন্য হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে ছয় মাসের মধ্যে অধ্যক্ষ নিয়োগ-প্রক্রিয়া সম্পন্ন করবেন। সুনির্দিষ্ট কারণ ছাড়া ছয় মাসের মধ্যে অধ্যক্ষ নিয়োগের প্রক্রিয়া শেষ করতে না পারলে আরও ছয় মাসের মধ্যে অধ্যক্ষ নিয়োগের প্রক্রিয়া শেষ করার অঙ্গীকারসহ পরিচালনা কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়কে অবহিত করতে হবে এবং পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি দিতে হবে। কিন্তু পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি না দিয়ে পরিচালনা কমিটিকে পাশ কাটিয়ে ১৬ মে সাংসদ গোলাম রাব্বানী তাঁর গ্রামে অবস্থিত পুখুরিয়া কলেজে স্থান নির্বাচন করে নিয়োগ পরীক্ষার আয়োজন করতে যাচ্ছিলেন।

সাংসদ গোলাম রাব্বানী ছাড়াও এ মামলায় বিবাদী করা হয় অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মামুন আর রশিদ, আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ ও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের প্রতিনিধি আবদুস সালাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনসার উদ্দীনসহ ছয়জনকে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অস্থায়ী ও অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত এ আবেদন মঞ্জুর করেন।

প্রসঙ্গত, এ ব্যাপারে ১৬ মে প্রথম আলোয় ‘অধ্যক্ষ নিয়োগ-প্রক্রিয়ায় বিধি লঙ্ঘনের অভিযোগ। সাংসদসহ ছয়জনের বিরুদ্ধে মামলা’ শিরোনামে খবর ছাপা হয়।