অধ্যক্ষ নেই, দুই মাস বেতন পাচ্ছেন না শিক্ষক-কর্মচারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যক্ষ পদ শূন্য থাকায় গত সেপ্টেম্বর মাস থেকে বেতন-ভাতা পাচ্ছেন না দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক-কর্মচারীরা। সমস্যার দ্রুত সমাধান চেয়ে গতকাল মঙ্গলবার তাঁরা জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের কাছে স্বারকলিপি দিয়েছেন।
বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জানান, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে মোট ৫৭ জন শিক্ষক ও ৭৪ জন কর্মচারী আছেন। তাঁদের মধ্যে ২৫ জন শিক্ষক নিজেরা বেতন তুলতে পারেন। বাকি কারও বিল-ভাউচার করে বেতন তোলার ক্ষমতা নেই। অধ্যক্ষ না থাকায় ৩২ জন শিক্ষক ও ৭৪ জন কর্মচারীর বেতন বন্ধ হয়ে আছে। ধারদেনা করে তাঁরা ঈদুল আজহা ও দুর্গাপূজার উৎসব পালন করেছেন।
শিক্ষাপ্রতিষ্ঠানটির ক্র্যাফ্ট ইন্সট্রাক্টর মো. মিজানুর রহমান বলেন, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান গত ২ জুলাই ঢাকায় বদলি হন। পরে উপাধ্যক্ষ মোসলেম উদ্দিন ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পেলেও তাঁকে আর্থিক লেনদেনের অনুমতি দেওয়া হয়নি।
এ অবস্থায় শিক্ষা মন্ত্রণালয় ৯ সেপ্টেম্বর বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিদর্শক এ কে এম মনজুরুল আহসানকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেন। ১১ সেপ্টেম্বর তিনি যোগদানের দুদিন পর ১৪ সেপ্টেম্বর অবসরের আগের ছুটিতে (এলপিআর) যান। আবারও মোসলেম উদ্দিন ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পান। এ কারণে শিক্ষক-কর্মচারীরা সেপ্টেম্বর মাস থেকে বেতন-ভাতা পাচ্ছেন না।
শিক্ষক-কর্মচারীদের দাবি, ইনস্টিটিউটে অধ্যক্ষ নিয়োগ অথবা ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনকারীকে আর্থিক লেনদেনের অনুমতি দেওয়া হোক।
তাঁরা জানান, সমস্যা সমাধানে সংগঠনের পক্ষ থেকে শিক্ষামন্ত্রী, সচিব, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক (প্রশাসন) ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। তবে কোনো ফল মেলেনি।
সর্বশেষ গতকাল দিনাজপুর সদর আসনের সাংসদ হুইপ ইকবালুর রহিমের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
এ ব্যাপারে ইকবালুর রহিম প্রথম আলোকে বলেন, সমস্যা সমাধানে তিনি বিষয়টি নিয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে কথা বলবেন। প্রয়োজনে শিক্ষামন্ত্রীর সঙ্গেও আলোচনা করবেন।