অধ্যক্ষ পদে আ.লীগের নেতাকে নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যক্ষের শূন্য পদে নিয়োগের অন্যতম শর্ত ছিল একটানা ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা। কিন্তু ওই শর্ত লঙ্ঘন করে আওয়ামী লীগ নেতা প্রভাষক মো. সুজাত আলীকে অধ্যক্ষ পদে নিয়োগ দিয়েছে কলেজের পরিচালনা পর্ষদ।সুজাত আলী একই সঙ্গে সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। কলেজের পরিচালনা পর্ষদের সদস্যদের অভিযোগ, পর্ষদের সভাপতি ক্ষমতাসীন দলের স্থানীয় সাংসদ (সুনামগঞ্জ-৫) মুহিবুর রহমান মানিকের আস্থাভাজন হওয়ায় তাঁর একক সিদ্ধান্তেই অধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন আওয়ামী লীগের নেতা সুজাত আলী।কলেজ সূত্র জানায়, কলেজটি প্রায় দুই বছর ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে পরিচালিত হয়। সম্প্রতি অধ্যক্ষ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয় পরিচালনা পর্ষদ। আবেদন করেন অভিজ্ঞতাসম্পন্ন চার শিক্ষক ও সুজাত আলী। ৭ জুলাই সুজাত আলীর নিয়োগ চূড়ান্ত হয়। ১২ আগস্ট তিনি আনুষ্ঠানিকভাবে অধ্যক্ষ পদে যোগ দেন।নিয়োগ-প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত সূত্রগুলো জানায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে একটি সরকারি কলেজের অধ্যক্ষ, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সাংসদ মুহিবুর, ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ সাতজন নিয়োগ কমিটিতে ছিলেন। আবেদনকারীদের নিয়ে পর্যালোচনার শুরুতেই সাংসদ মুহিবুর তাঁর পছন্দের প্রার্থী হিসেবে সুজাতকে অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়ার পরামর্শ দেন। কিন্তু অধ্যক্ষ পদের অন্যতম প্রধান শর্ত ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতাই ছিল না সুজাতের।কলেজ প্রশাসনে সংরক্ষিত নথি পর্যবেক্ষণে দেখা গেছে, ১৯৯৭ সালের ১ জানুয়ারি গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রভাষক পদে যোগ দেন সুজাত। ‘শিক্ষা সফর করতে যুক্তরাজ্যে যাচ্ছেন’—এ কথা জানিয়ে ২০০৬ সালের ২৩ জুন দুই মাসের ছুটির আবেদন করেন তিনি। পরে ছয় মাস ছুটি বাড়ানোর আবেদন করেন। ওই ছয় মাস ছুটি কাটানোর পর অতিরিক্ত আরও দুই মাস স্বেচ্ছায় ছুটি কাটিয়ে ২০০৭ সালের ১৭ মার্চ ‘অসাধারণ ছুটি’ ভোগের আবেদন করেন। কলেজ কর্তৃপক্ষ তখন তাঁকে কারণ দর্শানোর নোটিশ (সঞ্চারক নম্বর ১৯/০৭) দেয়। তিন দফা কারণ দর্শানোর নোটিশ পাওয়ার পর ২০০৭ সালের ১৬ ডিসেম্বর চাকরি থেকে অব্যাহতির আবেদন করেন সুজাত। কলেজ কর্তৃপক্ষ তাঁর আবেদন মঞ্জুর করে এবং ২০০৮ সালের ১০ জানুয়ারি পদ শূন্য ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করে।কলেজ সূত্র জানায়, আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতাসীন হওয়ার পর ২০০৯ সালের জানুয়ারিতে দেশে ফেরেন সুজাত। যুক্তরাজ্যে অবস্থানকে ‘অসাধারণ ছুটি’ উল্লেখ করে কর্মস্থলে যোগদানের আবেদন করেন। কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি সাংসদ মুহিবুরের সুপারিশে ওই আবেদন গৃহীত হয় ২০১০ সালের ২০ মার্চ। প্রায় চার বছর নয় মাস অনুপস্থিত থাকার পর কর্মস্থলে যোগ দেন সুজাত আলী।সুজাতের এই যোগদানের বৈধতা চ্যালেঞ্জ করে গত বছরের ১২ মে কলেজের প্রাক্তন দাতা সদস্য আশিকুর রহমান হাইকোর্টে মামলা (রিট পিটিশন নম্বর: ৪৭৩৩) করেন। হাইকোর্টের নির্দেশে সুজাত আলীর বেতন-ভাতা চার মাস বন্ধ থাকে। মামলাটি বর্তমানে বিচারাধীন।বেসরকারি কলেজে চাকরির নীতিমালা অনুযায়ী, একজন কলেজশিক্ষক এক বছর অসাধারণ ছুটি ভোগ করতে পারেন। কিন্তু সুজাত আলী বিধিবহির্ভূতভাবে প্রায় চার বছর নয় মাস ওই ছুটি ভোগ করেন। এ ছুটিকাল চাকরির জ্যেষ্ঠতা নির্ধারণে গণনা হয় না। অধ্যক্ষ পদে নিয়োগ পাওয়ার অভিজ্ঞতা ১৫ বছর হলেও এর মধ্যে চার বছর নয় মাস কর্মস্থলেই ছিলেন না সুজাত আলী। তবু তাঁকে অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়।কলেজের পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য মকসুদ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘কলেজ প্রতিষ্ঠার ৪২ বছরের মাথায় এবারই প্রথম সরাসরি দলীয় পদে থাকা একজন শিক্ষক অধ্যক্ষ হলেন। তাঁর (সুজাত আলী) রাজনৈতিক পরিচয়ের পরিপ্রেক্ষিতে অন্তত দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর দাবি করেছিলাম। তা মানা হয়নি। একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ পদে একজন রাজনৈতিক পদধারী নেতা থাকায় অধ্যক্ষ পদটিও দলীয়করণের নগ্ন দৃষ্টান্ত হয়ে থাকল!’ অধ্যক্ষ সুজাত আলী তাঁর নিয়োগ নিয়ে কথা বলতে রাজি হননি। কলেজ পরিচালনা পর্ষদের কমিটির সভাপতি সাংসদ মুহিবুর রহমান প্রথম আলোর কাছে দাবি করেন, ‘সবাই মিলে যাচাই-বাছাই করে যথাযথ প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হয়েছে। আমি কোনো হস্তক্ষেপ করিনি।’ দলীয়করণ প্রশ্নে সাংসদ মুহিবুর বলেন, ‘দলীয় পদে থাকা লোক হলেই যে শিক্ষাপ্রতিষ্ঠান দলীয়করণ হয়ে গেল, তা নয়। মেধাবী ও যোগ্য ব্যক্তিকেই অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে।’