যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘হাইব্রিডরা এসে রাজনীতিকে ধ্বংস করছে। যারা কলেজের অধ্যক্ষের ওপর হামলা করেছে, তারাও হাইব্রিড। তাদের বঙ্গবন্ধুর নাম নেওয়ার কোনো অধিকার নেই। এসব হাইব্রিড ছাত্রলীগের নেতা-কর্মীর আওয়ামী লীগের মতো গণতান্ত্রিক দলে দরকার নেই।’গত রোববার বরিশালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘যারা কলেজের অধ্যক্ষকে লাঞ্ছিত করে, জমি দখল করে ও টেন্ডারবাজি করে, তাদের বঙ্গবন্ধুর সৈনিক হওয়ার দরকার নেই। তোমরা দল থেকে বের হয়ে যাও। কারণ, তোমাদের অপকর্মে বঙ্গবন্ধুর আত্মা কষ্ট পাবে। আবেগ আর স্লোগান দিয়ে রাজনীতি হয় না। রাজনীতিতে আদর্শ থাকতে হয়।’রোববার সন্ধ্যায় বরিশাল নগরের সোহেল চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন। এতে সাংসদ তালুকদার মো. ইউনুস, শিক্ষাবিদ মো. হানিফ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুল করীম প্রমুখ বক্তব্য দেন। গত ৩০ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় ব্রজমোহন (বিএম) কলেজের অধ্যক্ষ ননী গোপাল দাসকে খুলনার বিএল কলেজের অর্থনীতি বিভাগে বদলি করে। এ আদেশের সংবাদ বরিশালে পৌঁছালে পরদিন থেকে কলেজের মেয়াদোত্তীর্ণ ছাত্র কর্মপরিষদের সহসভাপতি মঈন তুষার ও সাধারণ সম্পাদক নাহিদ সেরনিয়াবাতের নেতৃত্বে ছাত্রলীগের কিছু কর্মী আন্দোলনে নামেন। গত ১২ ফেব্রুয়ারি নতুন অধ্যক্ষ শংকর চন্দ্র দত্ত যোগদান করতে কলেজে এলে তাঁকেও তাঁরা শারীরিকভাবে লাঞ্ছিত করেন।