অধ্যক্ষ বদলিতে ছাত্রলীগের আপত্তি যে কারণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের বার্ষিক নিরীক্ষায় ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। এ দুর্নীতির সঙ্গে সাবেক অধ্যক্ষ ও ছাত্রলীগ নেতারা জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। নতুন অধ্যক্ষ এলে সমস্যায় পড়বেন এমন আশঙ্কা থেকেই ছাত্রলীগের নেতারা তাঁকে প্রতিরোধের জন্য মাঠে নামেন।নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষক বলেন, কলেজের যাবতীয় খরচ অধ্যক্ষ তাঁর অনুসারী কিছু শিক্ষকদের দিয়ে করাতেন। অনেক সময় এর সুবিধা নিতেন ছাত্রলীগের অস্থায়ী ছাত্র কর্মপরিষদের নেতারা। ছাত্রলীগ নেতারা চেয়েছিলেন গোঁজামিল দিয়ে হিসাব শেষ করতে। তার আগেই অধ্যক্ষের বদলির আদেশ হওয়ায় তাঁরা মরিয়া হয়ে ওঠেন এবং কিছুসংখ্যক শিক্ষার্থী নিয়ে নতুন অধ্যক্ষ নিয়োগ না দেওয়ার দাবি জানিয়ে আন্দোলন শুরু করেন। একই সঙ্গে তাঁরা আগের অধ্যক্ষকে বদলি না করার দাবি জানান। কলেজ সূত্রে জানা গেছে, গত বছরের ১৭ এপ্রিল থেকে নয় দিন ধরে কলেজের আয়-ব্যয়ের নিরীক্ষা চলে। দুজন নিরীক্ষক কলেজের বিভিন্ন বিষয়ের খরচের প্রায় ৯৮ লাখ টাকার নিরীক্ষা আপত্তি তোলেন। এর মধ্যে টিউশন ফি, শিক্ষাসফর খরচ, সেশন ফি, বৃত্তির টাকা উল্লেখযোগ্য।কলেজ কর্তৃপক্ষের দাবি, শিক্ষাসফর এবং বৃত্তির টাকা কলেজের কোনো কাজে ব্যবহার করা হয়নি। সেশন ফির টাকা গত বছর কোষাগারে জমা দেওয়া হয়েছে। এ বছরও জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের জন্য শিক্ষাসফরে অনেক টাকা খরচ করা হয়েছে। ওই খরচের বিষয়ে নিরীক্ষকেরা আপত্তি তুলেছেন।এ বিষয়ে নিরীক্ষা কর্মকর্তা তকিউদ্দিন আহমেঞ্চদ বলেন, ‘নিরীক্ষার আপত্তিসহ কলেজ কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দেওয়া হয়েছে। আমরা এ বিষয়ে কোনো কথা বলতে পারব না।’কলেজ সূত্রে জানা গেছে, কলেজের ২১টি বিভাগে প্রায় ২৩ হাজার শিক্ষার্থী লেখাপড়া করছেন। এসব শিক্ষার্থীর ভর্তি, ফরম পূরণ, সেমিনার ফি, সেশন চার্জ, ক্রীড়া, পরিবহন, উন্নয়ন, দরিদ্র তহবিল, গ্রন্থাগারসহ মোট ৫০টি খাতে টাকা আদায় করা হয়। নিয়মানুযায়ী ওই টাকার জন্য আলাদা ব্যাংক হিসাব খোলার কথা।নিরীক্ষা প্রতিবেদনে দেখা গেছে, একটি ব্যাংক হিসাবে সব টাকা জমা করে লেনদেন করা হয়। এ ছাড়া এককালীন ৫০ হাজার টাকার অধিক অর্থ উত্তোলনের ক্ষেত্রে মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। কিন্তু ওই নিয়ম না মেনে টাকা উত্তোলন করে যথাযথভাবে ভাউচার সংরক্ষণ করা হয়নি।কলেজ কার্যালয় সূত্রে জানা গেছে, ব্রজমোহন কলেজ ছাত্র সংসদের সর্বশেষ নির্বাচন হয় ২০০৩ সালে। এর মেয়াদ শেষ হয় ২০০৪ সালে। এরপর আর নির্বাচন হয়নি। নিয়মানুযায়ী ছাত্র সংসদ না থাকলে ক্রীড়া তহবিলে জমা হওয়া অর্থ খরচ করার এখতিয়ার থাকে না। ২০০৪ সাল থেকে ছাত্র সংসদ ও ক্রীড়া ফি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে যে অর্থ আদায় করা হয়েছে, তার হিসাবে ব্যাপক গরমিল ধরা পড়ে। এ ছাড়া কলেজের বিজ্ঞান বিভাগ, ছাত্রীনিবাস ও ছাত্রাবাসের উন্নয়নে অর্থ ব্যয়ের হিসাব এবং ক্রয় কমিটির হিসাবে আপত্তি দেয় নিরীক্ষকেরা।নিরীক্ষা আপত্তি সম্পর্কে নাম প্রকাশ না করার শর্তে কলেজের কয়েকজন শিক্ষক বলেন, ভর্তি, গ্রন্থাগারের বই ক্রয়সহ অন্যান্য ক্রয় সংক্রান্ত বিষয়েও অনিয়ম আছে।নিরীক্ষা প্রতিবেদন পাওয়ার পর কলেজের সাবেক অধ্যক্ষ ননীগোপাল দাস গত বছরের মে মাসে বলেছিলেন, ‘আমরা কলেজের কোনো অর্থ উত্তোলন করে অবৈধভাবে খরচ করিনি। তার পরও নিরীক্ষকেরা বেশকিছু বিষয়ে আপত্তি জানিয়েছেন। আমরা সাধ্যমতো সব ভাউচার তাঁদের সামনে উপস্থাপন করেছি।’ তবে তিনি নিরীক্ষা প্রতিবেদনের ফটোকপি দিতে অস্বীকৃতি জানিয়েছেন। কলেজের নতুন অধ্যক্ষ শংকর চন্দ্র দত্তকে লাঞ্ছিত করার ঘটনার সঙ্গে জড়িত মঈন তুষার এবং নাহিদ সেরনিয়াবাতসহ অন্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে গতকাল বৃহস্পতিবার সাধারণ শিক্ষার্থীরা বরিশালের জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রীর কাছে সঞ্চারকলিপি পেশ করেছেন। সঞ্চারকলিপিতে উল্লেখ করা হয়, দক্ষিণাঞ্চলের সর্ববৃহত্ বিদ্যাপীঠ সরকারি ব্রজমোহন কলেজ। অধ্যক্ষকে বদলি করায় একশ্রেণীর ছাত্র নামধারীদের অরাজকতায় ১৫ দিন ধরে কলেজ অচল হয়ে আছে। নতুন অধ্যক্ষকে লাঞ্ছিত করার ঘটনা নিয়ে গত দু দিনে প্রথম আলোতে দুটি প্রতিবেদন ছাপা হয়।