অধ্যক্ষ মিন্টুকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়
সাভার রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মণকে
স্কুলের নিয়ন্ত্রণ, মালিকানা নিয়ে দ্বন্দ্ব এবং টাকার ভাগ নিয়ে বিরোধের জের ধরে হত্যা করা হয়। স্কুলের একটি কক্ষে হাতুড়ি দিয়ে পিটিয়ে তাঁকে হত্যা করা হয়।
মিন্টুর খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় করা হত্যা মামলায় দুই আসামি একই প্রতিষ্ঠানের শিক্ষক রবিউল ইসলাম ও তাঁর ভাগনে আবদুর রহিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ তথ্য দিয়েছেন বলে আদালত সূত্রে জানা যায়। অপর আসামি শিক্ষক মোতালেব হোসেনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিলন ফকির এই তিন আসামিকে আদালতে হাজির করেন।
আদালত সূত্র জানায়, তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান সিকদার আবদুর রহিমের এবং আরেক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব হাসান রবিউলের জবানবন্দি রেকর্ড করেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়। আর মোতালেব হোসেনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আশরাফুজ্জামান।
দুই বছর আগে (২০১৯ সাল) মিন্টু চন্দ্র বর্মণসহ চারজন মিলে জামগড়া এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে সাভার রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়েন। অন্য তিন সহপ্রতিষ্ঠাতা হলেন রবিউল ইসলাম, মোতালেব ও শামসুজ্জামান। মিন্টু চন্দ্র বর্মণ ছিলেন এর অধ্যক্ষ।
আদালত সূত্র জানায়, জবানবন্দিতে দুই আসামি বলেছেন, ২০১৯ সালে স্কুলটি প্রতিষ্ঠায় মিন্টুর সঙ্গে রবিউল ও মোতালেব অংশীদার। প্রতিষ্ঠার পর থেকেই পুরো স্কুলের নিয়ন্ত্রণ ছিল মিন্টুর হাতে। স্কুলের নিয়ন্ত্রণ, মালিকানা নিয়ে দ্বন্দ্ব এবং টাকার ভাগ নিয়ে বিরোধের জের ধরে মিন্টুকে হত্যার পরিকল্পনা করেন এই দুজন। ১৩ জুন রাতে স্কুলের ১০৬ নম্বর কক্ষে মিন্টুকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেন রবিউল ও তাঁর ভাগনে। পরে লাশ ছয় টুকরা করে পাঁচ টুকরা স্কুলের আঙিনায় পুঁতে রাখা হয়। বিচ্ছিন্ন মাথা রাজধানীর দক্ষিণখানের আশকোনার নন্দাপাড়ার একটি ডোবায় ফেলে দেন। হত্যার পরিকল্পনার সঙ্গে যুক্ত থাকলেও সরাসরি অংশ নেননি মোতালেব।
মিন্টু চন্দ্র বর্মণ সাত বছর ধরে আশুলিয়ার জামগড়া এলাকায় বসবাস করতেন। তিনি সেখানকার আমিন মডেল টাউন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করতেন। দুই বছর আগে (২০১৯ সাল) মিন্টু চন্দ্র বর্মণসহ চারজন মিলে জামগড়া এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে সাভার রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়েন। অন্য তিন সহপ্রতিষ্ঠাতা হলেন রবিউল ইসলাম, মোতালেব ও শামসুজ্জামান। মিন্টু চন্দ্র বর্মণ ছিলেন এর অধ্যক্ষ। গত ১৩ জুলাই থেকে তাঁর সন্ধান পাওয়া যাচ্ছিল না।
নিখোঁজের ঘটনায় মিন্টুর ভাই দীপক চন্দ্র বর্মণ ২২ জুলাই আশুলিয়া থানায় জিডি করেন। তবে পুলিশ রবিউল ও মোতালেবকে জিজ্ঞাসাবাদ করলেও নিখোঁজের রহস্য উদ্ঘাটন করতে পারেনি। প্রযুক্তিগত সহায়তা নিয়ে সন্দেহভাজন হিসেবে গত রোববার রাজধানীর আবদুল্লাহপুর থেকে রবিউলকে আটক করে র্যাব। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, মিন্টুকে হত্যার পর লাশ গুম করেন তাঁরা। পরে মোতালেব ও বাদশাকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার দুপুরে স্কুলের আঙিনা খুঁড়ে মিন্টুর পাঁচ টুকরা লাশ উদ্ধার করে। পরে রাজধানীর দক্ষিণখানের একটি ডোবা থেকে মিন্টুর বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়।