অধ্যক্ষ লাঞ্ছিত, কার্যালয়ে ভাঙচুর দিনাজপুর কলেজ ফের বন্ধ
দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আলাউদ্দিন মিয়াকে বুধবার কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁরা অধ্যক্ষের কার্যালয়ের আসবাব ভাঙচুর করেন। এ ঘটনার পর কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য ফের কলেজ বন্ধ করে দেয়। ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের পরিপ্রেক্ষিতে ১২ দিন বন্ধ রাখার পর বুধবার কলেজ খুলেই আবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হলো।অধ্যক্ষকে মারধর এবং কার্যালয় ভাঙচুরের ঘটনায় অধ্যক্ষ জেলা ছাত্রলীগের সভাপতি ইমরান লতিফসহ ২৫-২০ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় বুধবার মামলা করেছেন। মামলার এজাহারে অধ্যক্ষ অভিযোগ করেন, বেলা একটা ১০ মিনিটে মিছিল শেষে তাঁর কক্ষে প্রবেশ করে ছাত্রলীগের কর্মীরা তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত এবং মারধর করেন। একপর্যায়ে ছাত্রলীগের নেতা ইমরান লতিফ তাঁকে টেনেহিঁচড়ে অফিস থেকে বের করে মোটরসাইকেলে বসিয়ে সুইহারী এলাকার এক অজ্ঞাত বাসায় নিয়ে যান। এ সময় পুলিশ চেষ্টা করেও ছাত্রলীগের নেতাদের হাত থেকে তাঁকে রক্ষা করতে পারেনি। প্রায় ১৫ মিনিট সেখানে রাখার পর ইমরান লতিফ নিজে তাঁকে মোটরসাইকেলে করে কোতোয়ালি থানায় পৌঁছে দেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হাসান শামীম জানান, কলেজ অধ্যক্ষের মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ পারভেজ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। ইমরান লতিফ বলেন, অধ্যক্ষকে লাঞ্ছিত করা বা তাঁর কক্ষ ভাঙচুরের ঘটনায় তাঁর বা ছাত্রলীগের কোনো সংশ্লিষ্টতা ছিল না। অন্য কোনো ছাত্রসংগঠন বা বহিরাগতরা করে থাকতে পারে। অধ্যক্ষকে অপহরণের অভিযোগের ব্যাপারে তিনি বলেন, তাঁদের কাছে খবর ছিল শিবির অধ্যক্ষ কার্যালয় ভাঙচুর এবং তাঁতে লাঞ্ছিত করবে। এ অবস্থায় অধ্যক্ষকে রক্ষা করতে কলেজ থেকে মোটরসাইকেলে করে থানায় পৌঁছে দেওয়া হয়েছিল।মুসলিম হোস্টেল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জয়নুল আবেদিন অভিযোগ করেন, কলেজ কর্তৃপক্ষ পুলিশ পাহারায় মঙ্গলবার মুসলিম হোস্টেলের ২০টি কক্ষে শিবিরের ৫০ জন ক্যাডারকে ঢুকতে সহায়তা করে। এর প্রতিবাদে দুপুরে তাঁরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন।